স্থানীয়ভাবে তৈরি করা কিছু অ্যালুমিনিয়ামের হাঁড়িপাতিল স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে আইসিডিডিআরবি ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে। গবেষণার তথ্যানুযায়ী, নতুন কেনা চকচকে অ্যালুমিনিয়ামের পাত্রগুলোই হতে পারে খাবারে সিসা মেশার প্রধান উৎস। বিশেষ করে বাড়ন্ত শিশুদের মস্তিষ্কের ওপর এই সিসার স্থায়ী প্রভাব পড়ার আশঙ্কা থাকে, যা তাদের শেখার ক্ষমতা এবং আচরণের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। গবেষণায় আরও দেখা গেছে যে, একটি পাত্র বারবার ব্যবহার করলে সেখান থেকে খাবারে মেশা সিসার পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে। তবে গবেষকদের মতে, এর অর্থ এই নয় যে পুরোনো পাত্রে রান্না করা খাবার সম্পূর্ণ নিরাপদ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সিসা একটি অত্যন্ত বিষাক্ত উপাদান এবং মানুষের রক্তে এর কোনো ‘নিরাপদ মাত্রা’ নেই। এই গুরুতর স্বাস্থ্যঝুঁকির বিষয়ে বাংলাদেশের নীতিনির্ধারণী পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন গবেষকেরা। তবে সাধারণ পরিবারগুলোর জন্য এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—দৈনন্দিন রান্নার জন্য কোন পাত্রটি বেছে নেওয়া সবচেয়ে নিরাপদ? বিশেষ করে যেসব পরিবারে ছোট শিশু রয়েছে, তাদের জন্য বিষয়টি আরও উদ্বেগের।

এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশুবিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. তাসনুভা খান এবং স্কয়ার হাসপাতাল লিমিটেডের মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট কনসালট্যান্ট ডা. তাসনোভা মাহিন। তাঁদের মতে, অ্যালুমিনিয়ামের পরিবর্তে স্টেইনলেস স্টিলের পাত্র ব্যবহার করা একটি চমৎকার বিকল্প হতে পারে। এছাড়া কাস্ট আয়রন, মাটি বা সিরামিকের পাত্রও রান্নার জন্য উপযোগী। তবে এসব পাত্র কেনার সময় তা যেন নির্ভরযোগ্য প্রস্তুতকারকের তৈরি এবং রান্নার উপযোগী হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি। বিশেষ করে মাটি ও সিরামিকের পাত্রের ক্ষেত্রে সিসামুক্ত গ্লেজ ব্যবহার করা হয়েছে কি না, তা নিশ্চিত হয়ে নেওয়া প্রয়োজন।

বর্তমানে অনেক পরিবার নন–স্টিক পাত্র ব্যবহার করেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, নন–স্টিক পাত্রে ব্যবহৃত টেফলন অতি উচ্চ তাপে ক্ষতিকর হয়ে উঠতে পারে। তাই টেফলনযুক্ত পাত্র অতিরিক্ত গরম করা উচিত নয়। বিশেষ করে খালি পাত্র দীর্ঘক্ষণ চুলায় থাকলে তাপমাত্রা ৩৬০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয়ে যেতে পারে, যার ফলে টেফলনের প্রলেপ ভেঙে ক্ষতিকর গ্যাস তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। তাই নন–স্টিক বা সিরামিক কোটিং দেওয়া পাত্র কেনার সময় তার গুণগত মান যাচাই করা এবং প্রস্তুতকারকের নির্দেশনা মেনে চলা আবশ্যক।

অনেকের পক্ষে রাতারাতি রান্নাঘরের সব অ্যালুমিনিয়ামের পাত্র বদলে ফেলা সম্ভব হয় না। সেক্ষেত্রে ঝুঁকি কমাতে কিছু বিশেষ সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। যেমন—অ্যালুমিনিয়ামের পাত্রে টক ডাল, টক ফলের চাটনি, আচার বা ভিনেগার মেশানো কোনো পদ রান্না করা যাবে না। পাত্র পরিষ্কার করার সময় ধাতব মাজুনির মতো শক্ত জিনিস ব্যবহার না করে নরম স্পঞ্জ ব্যবহার করা উচিত। রান্নার সময় ধাতব খুন্তি এড়িয়ে চলা এবং পরিষ্কার করার সময় লেবু বা ভিনেগারের মতো অম্লীয় (অ্যাসিডিক) উপকরণ ব্যবহার না করার কথা বলা হয়েছে। তবে মনে রাখতে হবে, এসব সতর্কতা অবলম্বন করলেও সিসার ঝুঁকি পুরোপুরি দূর হয় না, কেবল কিছুটা কমে।

খাবার পরিবেশন ও সংরক্ষণের ক্ষেত্রেও সচেতনতা প্রয়োজন। স্টেইনলেস স্টিল, কাচ, মাটি বা সিরামিকের পাত্র খাবার রাখার জন্য সবচেয়ে নিরাপদ। গরম খাবারের জন্য স্টেইনলেস স্টিল বা কাচের পাত্র ব্যবহার করা যেতে পারে। প্লাস্টিকের পাত্র ব্যবহার করলে তা গরম খাবার রাখার উপযোগী কি না, তা দেখে নেওয়া জরুরি। সাধারণ অ্যালুমিনিয়ামের পাত্রে গরম বা টক জাতীয় খাবার দীর্ঘক্ষণ রাখা উচিত নয়। মেলামাইনের পাত্রে খাবার পরিবেশন করা গেলেও এতে খাবার গরম করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আইসিডিডিআরবি এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই গবেষণাটি পরিবারের সুস্থতার জন্য একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা। তবে গবেষকেরা স্পষ্ট করেছেন যে, বাংলাদেশের সব অ্যালুমিনিয়ামের পাত্রই ঝুঁকিপূর্ণ নয়। এই গবেষণায় নমুনার সংখ্যা সীমিত ছিল এবং সাধারণ মানুষের রক্তে সিসার মাত্রা পরিমাপ করা হয়নি। তাই আতঙ্কিত না হয়ে সচেতনভাবে রান্নাঘরের উপকরণ বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।