বাংলাদেশে ব্যবহৃত অ্যালুমিনিয়ামের রান্নার পাত্রগুলো থেকে খাবারে সিসা মিশে যাওয়ার বিষয়টি সামনে এসেছে এক নতুন গবেষণায়। এই গবেষণার ফলাফলে দেখা গেছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না করা খাবারে সিসার উপস্থিতি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। বিশেষ করে নতুন হাঁড়িতে রান্না করা ভাতের প্রতি কেজিতে সর্বোচ্চ ৩০৫ মাইক্রোগ্রাম এবং খিচুড়িতে ৪২০ মাইক্রোগ্রাম সিসা পাওয়া গেছে।
গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে যে, কেবল নতুন পাত্রই নয়, পুরোনো পাত্রগুলোও এই ঝুঁকি থেকে মুক্ত নয়। বরং পুরোনো পাত্রগুলোকে যখন শক্ত জালি দিয়ে ঘষে পরিষ্কার করা হয়, তখন সেখান থেকে সিসা নির্গমনের হার আরও বৃদ্ধি পায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, খাবারে সিসার সামান্যতম উপস্থিতিও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সিসার এই বিষাক্ত উপাদান শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশের ওপর ভয়াবহ প্রভাব ফেলে, যা দীর্ঘমেয়াদে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড ইন্সপেকশনzস ইনস্টিটিউট বা বিএসটিআই-এর যথাযথ তদারকির অভাবে এই ধরনের নিম্নমানের পাত্র বাজারে সহজলভ্য হয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষ অজান্তেই মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছে এবং বিশেষ করে শিশুদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।