পরিবারের জন্য প্রতিদিনের রান্নায় ব্যবহৃত অ্যালুমিনিয়ামের হাঁড়ি বা খিচুড়ির পাতিলটি হয়তো নতুন কেনা। কিন্তু অজান্তেই সেই খাবারের সঙ্গে শরীরে সিসার মতো অত্যন্ত বিষাক্ত ধাতু ঢুকে পড়ছে, যা নিয়ে সচরাচর সাধারণ মানুষ তেমন সচেতন নন। সম্প্রতি বাংলাদেশে তৈরি অ্যালুমিনিয়ামের রান্নার পাত্র নিয়ে পরিচালিত এক গবেষণায় উঠে এসেছে এক উদ্বেগজনক তথ্য—এসব পাত্র থেকে সিসা সরাসরি খাবারে মিশতে পারে। গবেষণায় দেখা গেছে, নতুন পাত্রে এই ঝুঁকি সবচেয়ে বেশি, তবে পুরোনো পাত্রগুলোও পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়।
গবেষণার ফলাফলে দেখা গেছে, নতুন অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করা ভাতের প্রতি কেজিতে গড়ে সর্বোচ্চ ৩০৫ মাইক্রোগ্রাম এবং খিচুড়িতে ৪২০ মাইক্রোগ্রাম সিসা পাওয়া গেছে। যদিও কয়েকবার ব্যবহারের পর খাবারে সিসার পরিমাণ কিছুটা হ্রাস পায়, তবে তা দীর্ঘমেয়াদে উদ্বেগজনক মাত্রায় রয়ে গেছে। শুধু তাই নয়, পাত্র পরিষ্কার করার সময় শক্ত তারের জালি দিয়ে ঘষলে সিসা নির্গমনের হার আরও বেড়ে যায় বলে জানা গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর মতে, রান্না করা খাবারে সিসার সামান্যতম উপস্থিতিও গ্রহণযোগ্য নয়। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বজুড়ে ৩৫ লাখেরও বেশি মানুষের মৃত্যুর জন্য সিসার সংস্পর্শ দায়ী ছিল। এসব মৃত্যুর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে হৃদ্যন্ত্রের রক্তনালির ওপর সিসার মারাত্মক ক্ষতিকর প্রভাবকে।
ডব্লিউএইচওর দৃষ্টিতে খাবারে সিসার কোনো গ্রহণযোগ্য মাত্রা না থাকলেও, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) শিশুদের জন্য নির্দিষ্ট কিছু প্রক্রিয়াজাত খাদ্যে প্রতি কেজিতে সিসার সর্বোচ্চ মাত্রা ১০ মাইক্রোগ্রাম নির্ধারণ করেছে।
দেশের অ্যালুমিনিয়াম পাত্রে সিসার এই ব্যাপক উপস্থিতি সত্ত্বেও এর মান নিয়ন্ত্রণের বিষয়ে সরকারি স্তরে তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। উল্লেখ্য, গত বছর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) পরিচালিত এক গবেষণায় দেখা গিয়েছিল যে, ঢাকা শহরের প্রায় শতভাগ শিশুর শরীরে উদ্বেগজনক মাত্রায় সিসার উপস্থিতি রয়েছে।
সম্প্রতি প্রকাশিত গবেষণাটির শিরোনাম ‘টক্সিক কুকওয়্যার: লিড এক্সপোজার ফ্রম অ্যালুমিনিয়াম পটস ইন বাংলাদেশ’। গত ২৫ অক্টোবর আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী জার্নাল অব এক্সপোজার সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল এপিডেমিওলজিতে এই গবেষণাটি প্রকাশিত হয়। এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং আইসিডিডিআরবির গবেষকেরা।
এই গবেষণার সঙ্গে যুক্ত আইসিডিডিআরবি গবেষক ডা. মাহবুবুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, “দেশে পাওয়া যায়, এমন প্রায় সব ধরনের অ্যালুমিনিয়ামের রান্নার পাত্রের ধরন বিবেচনায় নিয়ে পরীক্ষা করা হয়েছে। নতুন পাত্রে যেমন সিসা পাওয়া গেছে, তেমনি ক্ষয়ে যাওয়া পুরোনো পাত্রেও এর উপস্থিতি মিলেছে।” তাঁর মতে, এই গবেষণার সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো, সিসাযুক্ত পাত্র থেকে রান্না করা খাবারে সিসা চলে যাওয়ার বাস্তব প্রমাণ পাওয়া গেছে।
গবেষকেরা মোট ২৭টি পাত্র নিয়ে পরীক্ষা চালিয়েছেন। এর মধ্যে স্থানীয় বিক্রেতার কাছ থেকে কেনা ২০টি নতুন পাত্র এবং বিভিন্ন পরিবারের ব্যবহৃত সাতটি পুরোনো পাত্র ছিল। পাত্রগুলোতে সিসার পরিমাণ নির্ণয়ে এক্স-রে ফ্লুরোসেন্স (এক্সআরএফ) যন্ত্র ব্যবহার করা হয়। এরপর পাত্র থেকে সিসা বেরিয়ে আসার প্রবণতা বুঝতে অ্যাসিটিক অ্যাসিড দিয়ে পরীক্ষা করা হয় এবং ভাত ও খিচুড়ি রান্না করে খাবারে সিসার মিশ্রণ যাচাই করা হয়।
গবেষণায় দেখা গেছে, পুরোনো পাত্রগুলোতে প্রতি কেজিতে ২২৬ থেকে ৩৮০ মাইক্রোগ্রাম সিসা পাওয়া গেছে, আর নতুন পাত্রগুলোতে এই পরিমাণ ছিল ১২৬০ থেকে ১৮২০ মাইক্রোগ্রাম।
নতুন পাত্রে পরপর তিনবার রান্নার ফল তুলনা করে গবেষকেরা দেখেছেন, প্রথমবারের তুলনায় তৃতীয়বার রান্নায় ভাতে সিসার পরিমাণ প্রায় তিন থেকে পাঁচ গুণ কমেছে। খিচুড়ির ক্ষেত্রে প্রথমবারের তুলনায় তৃতীয়বারে এই পরিমাণ কমেছে প্রায় ২ দশমিক ৮ থেকে ৫ দশমিক ৫ গুণ। অর্থাৎ, বারবার ব্যবহারে সিসা খাবারে মেশার পরিমাণ কমলেও ঝুঁকি পুরোপুরি শেষ হয় না।
নতুন পাত্রে প্রথমবার ভাত রান্নার পরীক্ষায় প্রতি কেজি শুকনা ভাতে গড়ে সর্বোচ্চ ৩০৫ মাইক্রোগ্রাম এবং খিচুড়ির ক্ষেত্রে সর্বোচ্চ গড় ছিল প্রতি কেজিতে ৪২০ মাইক্রোগ্রাম সিসা। ব্যবহৃত পাত্রে রান্না করা ভাতেও সিসা পাওয়া গেছে; দুটি পুরোনো পাত্রে ভাতে সিসার ঘনত্ব ছিল যথাক্রমে ১০৫ ও ১৫০ মাইক্রোগ্রাম প্রতি কেজি।
গবেষণায় নতুন পাত্রে পরপর তিনবার রান্নার ফল তুলনা করে গবেষকেরা দেখেছেন, “প্রথমবারের তুলনায় তৃতীয়বার রান্নায় ভাতে সিসার পরিমাণ প্রায় তিন থেকে পাঁচ গুণ কমেছে। খিচুড়ির ক্ষেত্রে প্রথমবারের তুলনায় তৃতীয়বারে পরিমাণ কমেছে প্রায় ২ দশমিক ৮ থেকে ৫ দশমিক ৫ গুণ।”
গবেষকেরা শুধু খাবারে সিসার উপস্থিতিই মাপেননি, বরং শিশুদের সম্ভাব্য দৈনিক সিসা গ্রহণের পরিমাণও হিসাব করেছেন। বাংলাদেশের গ্রামীণ শিশুদের ভাত খাওয়ার পরিমাণের ওপর ভিত্তি করে একটি মডেল তৈরি করা হয়। নতুন পাত্রে তৃতীয়বার রান্না করা ভাতে প্রতি কেজি শুকনা ভাতে ৪১ দশমিক ১ থেকে ৬২ দশমিক ১ মাইক্রোগ্রাম সিসার যে মাত্রা পাওয়া গিয়েছিল, তা ব্যবহার করে হিসাব করা হয়—শিশু প্রতিদিন ওই ভাত খেলে শুধু এই উৎস থেকেই তার শরীরে আনুমানিক ১২ দশমিক ৭ থেকে ১৯ দশমিক ৩ মাইক্রোগ্রাম সিসা প্রবেশ করতে পারে।
গবেষণাপত্রে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের শিশুদের জন্য নির্ধারিত দৈনিক সিসা গ্রহণের অন্তর্বর্তী নির্দেশক মাত্রা ছিল ২ দশমিক ২ মাইক্রোগ্রাম। ওই হিসাব অনুযায়ী, পাত্রে রান্না করা ভাত থেকে সম্ভাব্য দৈনিক গ্রহণের পরিমাণ নির্দেশক মাত্রার পাঁচ গুণেরও বেশি হতে পারে। গবেষকেরা আরও একটি মডেল ব্যবহার করে এক থেকে ছয় বছরের কম বয়সী শিশুদের রক্তে সিসার সম্ভাব্য মাত্রা অনুমান করেছেন।
পাত্র পরিষ্কারের পদ্ধতিতে সিসা নির্গমনের পার্থক্য দেখা গেছে। প্রথম ব্যবহারের পরীক্ষায় ঘষে পরিষ্কার করা পাত্র থেকে সিসা বেরোনোর পরিমাণ ঘষে পরিষ্কার না করা পাত্রের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি ছিল। দ্বিতীয় পরীক্ষায় তা ছিল প্রায় তিন গুণ। রান্নার সময় ধাতব খুন্তি দিয়ে নাড়াচাড়া করলেও সিসা নির্গমন বাড়তে দেখা গেছে।
গবেষণায় দেখা গেছে, পাত্রের উপাদানের পাশাপাশি রান্না ও পরিষ্কারের পদ্ধতিও গুরুত্বপূর্ণ। চার শতাংশ অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করে দেখা গেছে, বেশি অম্লীয় পরিবেশে পাত্র থেকে বেশি সিসা বেরিয়ে আসে এবং অম্লত্ব কমলে এই পরিমাণও কমে।
নতুন পাত্র শক্ত স্টিলের তারের জালি দিয়ে ঘষে পরিষ্কার করার পর পরীক্ষা করলে সিসা নির্গমনের পরিমাণ সবচেয়ে বেশি পাওয়া যায়। প্রথম ব্যবহারের পরীক্ষায় ঘষে পরিষ্কার করা পাত্র থেকে সিসা বেরোনোর পরিমাণ ঘষে পরিষ্কার না করা পাত্রের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি ছিল। দ্বিতীয় পরীক্ষায় তা ছিল প্রায় তিন গুণ। রান্নার সময় ধাতব খুন্তি দিয়ে নাড়াচাড়া করলেও সিসা নির্গমন বাড়তে দেখা গেছে।
আইসিডিডিআরবি গবেষক মো. মুসা বাকের বলেন, “আমাদের গবেষণায় শুধু ভাত ও খিচুড়িতে সিসার উপস্থিতি দেখা হয়েছে। তবে অ্যালুমিনিয়ামের পাত্রে টকজাতীয় খাদ্য তৈরি করলে সিসা বেশি নির্গমন হয়। আমাদের দেশে সাধারণত এসব দ্রব্য রান্না করা হয়। তাই সেখানে মারাত্মক মাত্রায় সিসা মিশছে, তা বলা যায়।”
মানুষের খাবার তৈরির অ্যালুমিনিয়াম পাত্রের মান নিয়ন্ত্রণের দায়িত্ব বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই)-এর। তবে প্রতিষ্ঠানটি আগে কেবল অত্যাবশ্যকীয় পণ্যের গুণাগুণ দেখত। তিন মাস আগে অ্যালুমিনিয়ামের রান্নার সামগ্রী অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এরপরই বিএসটিআই কর্তৃপক্ষ নির্মাতাদের ডেকে উৎপাদন প্রক্রিয়া ও কাঁচামালের তথ্য জানতে চায়, কিন্তু মালিকদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানান বিএসটিআই পরিচালক (সিএম) মো. আলাউদ্দিন হুসাইন। তিনি মুক্তকণ্ঠকে বলেন, “বৈঠকের পর আমরা অ্যালুমিনিয়াম পণ্যের মান দেখার বিষয়ে সচেষ্ট হয়েছি। এখন আমরা নিয়মিত এটার দেখভাল করব। খুব দ্রুতই বাজারে অভিযান শুরু করতে চাই আমরা।”
ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, অল্প মাত্রায় দীর্ঘদিন সিসার সংস্পর্শে থাকলেও শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশ, মনোযোগ, শেখার ক্ষমতা ও আচরণে বিরূপ প্রভাব পড়তে পারে। এছাড়া রক্তস্বল্পতা, কিডনির ক্ষতি এবং উচ্চ রক্তচাপের মতো সমস্যার সঙ্গেও সিসার সম্পর্ক রয়েছে। গর্ভাবস্থায় মায়ের শরীরে থাকা সিসা ভ্রূণের বিকাশেও প্রভাব ফেলতে পারে।
দেশের বিশিষ্ট শিশু রোগবিশেষজ্ঞ আবিদ হোসেন মোল্লা মুক্তকণ্ঠকে বলেন, “সিসা শরীরে প্রবেশের পর রক্তের মাধ্যমে মস্তিষ্ক, যকৃৎ, কিডনি ও হাড়ে পৌঁছাতে পারে। হাড়ে জমে থাকা সিসা দীর্ঘদিন পরও আবার রক্তে প্রবেশ করতে পারে। ফলে প্রতিদিনের খাবার থেকে অল্প অল্প করে সিসা গ্রহণের বিষয়টিও জনস্বাস্থ্যের জন্য ভয়ানক ক্ষতির বার্তা দেয়।”
বাংলাদেশে সিসার ঝুঁকি নিয়ে এর আগেও গবেষণা হয়েছে। ২০১৯ সালে এনভায়রনমেন্টাল রিসার্চ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, হলুদে সিসাযুক্ত ক্রোমেট রঞ্জক মেশানো ছিল মানুষের সিসার সংস্পর্শে আসার একটি বড় উৎস। গ্রামীণ বাংলাদেশের গর্ভবতী নারীদের রক্তে সিসার উৎস শনাক্ত করতে আইসোটোপ বিশ্লেষণ করে হলুদকে প্রধান উৎস হিসেবে চিহ্নিত করা হয়।
২০২৩ সালে প্রকাশিত আরেক গবেষণায় দেখা যায়, নীতিগত উদ্যোগ ও আইন প্রয়োগের পর বাজারের হলুদের নমুনায় সিসার উপস্থিতি ৪৭ শতাংশ থেকে শূন্যে নেমে আসে এবং কারখানায় সিসাযুক্ত রঞ্জক ব্যবহারের হার ৩০ শতাংশ থেকে শূন্যে নেমেছিল। এর মাধ্যমে প্রমাণিত হয় যে, দূষণের উৎস চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিলে ঝুঁকি কমানো সম্ভব।
এছাড়া বিভিন্ন দেশে স্ক্র্যাপ ধাতু গলিয়ে তৈরি রান্নার পাত্র নিয়ে গবেষণায় সিসাসহ অন্যান্য ভারী ধাতু খাবারে মিশে যাওয়ার আশঙ্কা উঠে এসেছে। ২০২৫ সালে জার্নাল অব হ্যাজার্ডাস ম্যাটেরিয়ালসে প্রকাশিত একটি গবেষণায় নিম্ন ও মধ্যম আয়ের ২৫টি দেশের অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি বিশ্লেষণ করা হয়। বাংলাদেশের নতুন গবেষণাটি সেই উদ্বেগকে আরও জোরালো করেছে, কারণ এখানে সরাসরি ভাত ও খিচুড়ির মতো পরিচিত খাবারে সিসা চলে যাওয়ার বিষয়টি পরীক্ষা করা হয়েছে।
গবেষকেরা পরামর্শ দিয়েছেন, নতুন পাত্র কেনার পর কয়েকবার রান্না করে নেওয়া এবং শক্ত তারের জালি দিয়ে অতিরিক্ত ঘষাঘষি এড়িয়ে চলা সিসা নির্গমন কমাতে সহায়ক হতে পারে। কাঠের খুন্তির মতো নরম উপকরণ ব্যবহার করা যেতে পারে। তবে এগুলো কেবল ঝুঁকি কমানোর উপায়, সিসাযুক্ত পাত্রকে নিরাপদ করার নিশ্চয়তা নয়।
আইসিডিডিআরবি গবেষক মো. মুসা বাকের বলেন, সমস্যাটির স্থায়ী সমাধানে রান্নার পাত্র তৈরিতে ব্যবহৃত স্ক্র্যাপ ধাতুর উৎস ও মান নিয়ন্ত্রণ, বাজারে বিক্রি হওয়া পাত্রে সিসার পরীক্ষা এবং খাদ্য-সংস্পর্শে আসা সামগ্রীর জন্য কার্যকর মানদণ্ড প্রয়োজন।