কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম এলাকার একটি পুকুর থেকে নিখোঁজ ভারতীয় নাগরিক ও মেডিকেল শিক্ষার্থী আদনান আলতাফের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) পুকুরে মরদেহটি ভেসে উঠলে বিষয়টি সামনে আসে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত সোমবার (২ নভেম্বর) রাতে বুড়িচংয়ের কাবিলা এলাকায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বের হওয়ার পর আদনান নিখোঁজ হন। নিহিত শিক্ষার্থী আদনান আলতাফের বাবার নাম আলতাফ হোসাইন রাথার। তিনি ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সুপুর এলাকার বুনপাড়া, দাঙ্গালপাড়ার বাসিন্দা।

পরিবারের সদস্যদের দেওয়া বিবরণ অনুযায়ী, সোমবার রাত ১১টা ৩৬ মিনিটে আদনান ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস ত্যাগ করে একটি ইন্ডিয়ান ফুড হোটেলে যান। এরপর রাত ১২টা ৫ মিনিটের দিকে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। তার নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে তার সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।

এই বিষয়ে ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম জানান, আদনান কিছুটা মানসিক অসুস্থতায় ভুগছিলেন। তার নিখোঁজ হওয়ার ঘটনার পর বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। আজ মোকাম এলাকার একটি পুকুরে তার মরদেহ ভেসে ওঠার খবর পাওয়া যায় বলে তিনি জানান।

ঘটনার বিষয়ে কুমিল্লার বুড়িচং থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।”