সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে নাজমুল হাসান (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটকপ্রাপ্ত যুবক নাজমুল হাসান কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা। তার বাবার নাম হারিজ মিয়া।

তদন্তে জানা গেছে, ‘নাজমুল ইবনে হারিজ’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে খালেদা জিয়ার উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করেন নাজমুল হাসান। এই ঘটনার পর সোমবার বুড়িচং থানার পরিদর্শক মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল দাউদকান্দি টোল প্লাজা এলাকায় অভিযান চালায় এবং সেখান থেকে নাজমুল হাসানকে আটক করে নিয়ে আসে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল হাসান ফেসবুকে ওই মন্তব্য করার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।