ফেসবুক-টিকটকে পরিচয়ের সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের টানে ঢাকা থেকে কুমিল্লায় এসে এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় রাজীব আহমেদ (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে বুড়িচং উপজেলার ময়নামতি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাজীব ময়নামতি ইউনিয়নের মীরপুর গ্রামের আজগর আলীর ছেলে। তিনি কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার একটি কাপড়ের দোকানে চাকরি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী ঢাকার গুলশানের একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন। টিকটক ও ফেসবুকে রাজীবের সঙ্গে তার পরিচয় হয় এবং ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সে ঢাকা থেকে কুমিল্লায় আসে। রাত ৯টার দিকে রাজীব তাকে ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকায় নিয়ে যায়। এরপর ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ-পূর্ব পাশের একটি নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করা হয়।

একপর্যায়ে কিশোরীর চিৎকার-চেঁচামেচিতে রাজীব ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। পরে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল রাত ২টার পর ঘটনাস্থলে পৌঁছে কিশোরীকে উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া মুক্তকণ্ঠকে জানান, '৯৯৯ নম্বর থেকে সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত অভিযুক্ত রাজীব আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।'