কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার পাঁচকিত্তা গ্রামে পূর্বশত্রুতার জেরে এক মাছের খামারে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। দুর্বৃত্তদের এই কর্মকাণ্ডে প্রায় ১০ লাখ টাকা মূল্যের মাছ নষ্ট হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার প্রেক্ষিতে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মাছচাষি সেলিম আহমেদ (৬০)।
প্রাপ্ত তথ্যানুযায়ী, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে দুর্বৃত্তরা গ্রামের প্রায় ৪০ শতাংশ আয়তনের একটি মাছের খামারে গোপনে কীটনাশক প্রয়োগ করে। পরদিন শুক্রবার (২০ নভেম্বর) সকালে পুকুরে দেশি ও বিদেশি বিভিন্ন প্রজাতির সব মাছ মরে পানির ওপর ভেসে ওঠে। খামারের মালিক সেলিম আহমেদের দাবি, ওই প্রজেক্টে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা মূল্যের মাছ ছিল।
ঘটনাটি বর্ণনা করতে গিয়ে সেলিম আহমেদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “গত পাঁচ-ছয় বছর ধরে আমার অর্থ, ঘাম ও শ্রমের সবটুকু দিয়ে এই মাছের প্রজেক্ট গড়ে তুলেছি। এটিই ছিল আমার স্বপ্ন ও জীবিকার অন্যতম অবলম্বন। বৃহস্পতিবার রাতেও মাছে খাবার দিয়েছি, তখন সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু সকালে এসে দেখি, পুকুরের সব মাছ মরে পানিতে ভেসে উঠেছে। এই দৃশ্য আমি কীভাবে সহ্য করব? পূর্বশত্রুতার জের ধরেই আমার ওপর এমন জুলুম করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”
মাছের প্রজেক্টে এভাবে গোপনে বিষ প্রয়োগের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম হতাশা ও বিস্ময় দেখা দিয়েছে। শুক্রবার সকাল থেকেই পুকুরে মরে ভেসে ওঠা মাছ দেখতে ভিড় করেন বিপুল সংখ্যক গ্রামবাসী।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলম বলেন, সাম্প্রতিক সময়ে এ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। কিছুদিন আগেও একাধিকবার বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, কিশোর গ্যাং-সংক্রান্ত মামলা এবং বাড়িতে চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ অবস্থায় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা প্রয়োজন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।