পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির বাঘাইছড়ির সাজেক এলাকায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নতুন করে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি।
শনিবার (৩১ অক্টোবর) রাতে সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে সাজেকে এই ১২ ঘণ্টার অবরোধ কর্মসূচির কথা জানানো হয়েছে।
কমিটির সদস্য সচিব বিন্দু লাল চাকমার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে কর্মসূচির কারণ উল্লেখ করে বলা হয়েছে, “সাজেকে সহিংসতা, সশস্ত্র তৎপরতা, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় সশস্ত্র মহড়া এবং পর্যটকদের জিম্মি করে হামলার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।”
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, গত ১১ অক্টোবর থেকেই সাজেকে অবরোধ কর্মসূচি চলমান থাকলেও সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা কোনোভাবেই হ্রাস পায়নি। বরং পরিস্থিতি আরও অবনতির দিকে গিয়েছে। সর্বশেষ ৩১ অক্টোবর কলাবুনিয়া এলাকায় নতুন করে গোলাগুলির ঘটনা ঘটে, যার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে এবং এলাকায় যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার দাবিতেই বর্তমান কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি।