নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কুমিল্লায় এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়। একই সাথে দীর্ঘ ১৪ বছর অতিবাহিত হয়ে গেলেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা। তারা এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

গত শুক্রবার (৩০ অক্টোবর) কুমিল্লায় মানবাধিকার সাংবাদিক সংস্থা (মাসাস) কার্যালয়ে ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাব, কুমিল্লার উদ্যোগে এই কর্মসূচিটি পালিত হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন মানবাধিকার সাংবাদিক সংস্থা (মাসাস)-এর আইন উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল করিম মিঠু।

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, “দীর্ঘ ১৪ বছর পার হলেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি। একইভাবে সাংবাদিক আলিফ হত্যার রহস্যও এখন পর্যন্ত উদ্‌ঘাটিত হয়নি।” তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান যেন সাগর-রুনি ও আলিফ হত্যাসহ সারা দেশে সাংবাদিকদের ওপর সংঘটিত সকল হত্যা ও নির্যাতনের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করা হয় এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হয়।

বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারের ক্ষেত্রে যে দীর্ঘসূত্রতা চলছে, তার অবসান ঘটাতে হবে। অপরাধী যে রাজনৈতিক দলেরই হোক না কেন, তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। সাংবাদিক আলিফসহ নিহত সকল সাংবাদিকের হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। পাশাপাশি সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মিথ্যা মামলা এবং হামলার অভিযোগগুলো তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সাংবাদিকদের ওপর হত্যা ও নির্যাতনের ঘটনা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন বক্তারা। সাগর-রুনি ও আলিফসহ নিহত সাংবাদিকদের হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।

মাসাসের চেয়ারম্যান মীরজা ফসিহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন ভূঁইয়া, সাপ্তাহিক দেশ পত্রের প্রধান সম্পাদক জুয়েল খন্দকার, সময় এডিশনের সম্পাদক শাহরিয়ার শিকদার, দৈনিক জনতার মতামতের প্রতিনিধি আলী হোসেন জনি, জয়যাত্রার সম্পাদক মীরজা সাইদিয়া আইরিন জ্যোতি এবং জয়যাত্রার বার্তা সম্পাদক আনোয়ার হোসেন পারভেজ। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন মো. আব্দুস সালাম, মোশারফ হোসেন, বাবুল হোসেন, মীজান ও খোরশেদ প্রমুখ।