কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ওই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। মামলার অভিযুক্তদের প্রকৃত বয়স সঠিকভাবে নির্ধারণ করে আইনের আওতায় আনতে হবে এবং বয়সের অজুহাতে যেন কেউ বিচার থেকে রেহাই না পান, তা নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন তাঁরা।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এই কর্মসূচি পালিত হয়। বাংলা ভাষা-সাহিত্য পরিষদের সহসভাপতি সাইফুল মালেকের সঞ্চালনায় আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন কলা ও মানবিক অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক শামসুজ্জামান মিলকী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক গোলাম মাওলাসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।

মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা ‘বিচার বিচার বিচার চাই, অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘অপ্রতিমের রক্ত, বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা স্পষ্ট জানিয়ে দেন যে, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত থাকবে।

বাংলা বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী মোসাব আহমেদ তাঁর বক্তব্যে বলেন, অপ্রতিম হত্যার প্রায় এক মাস হয়ে গেলেও এখনো বিচারের দাবিতে তাঁদের এভাবে রাস্তায় নেমে মানববন্ধন করতে হচ্ছে, যা অত্যন্ত লজ্জাজনক। তাঁর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিদের কিশোর হিসেবে প্রমাণ করার চেষ্টা চলছে। তাই পরীক্ষার মাধ্যমে অভিযুক্তদের প্রকৃত বয়স নির্ধারণ করে যথাযথ বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

অন্যদিকে, ১৬তম ব্যাচের শিক্ষার্থী শানীন অশ্রুর দাবি, অভিযুক্তদের বয়স ১৮ বছরের কম হলেও যেন কেউ আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে না যায়, তা নিশ্চিত করতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে অপরাধীরা আরও উৎসাহিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করতে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন উল্লেখ করে কলা ও মানবিক অনুষদের ডিন শামসুজ্জামান বলেন, ‘যেখানে আমরা আজকে মানববন্ধন করছি, সেখানে অপ্রতিমের বাবাকে কোর্টে ঘুরতে হচ্ছে। যত দিন এই বিচার নিষ্পত্তি না হবে, যত দিন আমরা অপ্রতিম হত্যার বিচার না পাব, তত দিন আমরা রাস্তায় দাঁড়াব।’

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান গোলাম মাওলা সাধারণ মানুষের জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবি জানান। বয়সের অজুহাতে যেন কেউ বিচার থেকে রেহাই না পান, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য যে, গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লার কোটবাড়ীর গন্ধমতী এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। পরদিন সদর দক্ষিণ উপজেলার সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক। পুলিশ জানিয়েছে, ১৯ বছর বয়সী সাইফুল ইসলাম তুহিনসহ তিনজন ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।