কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বসন্তপুর এলাকায় ঘরে ঢুকে ডাকাতি করতে না পেরে এক প্রবাসীর স্ত্রীকে গুলি করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার বিকেলে উপজেলার শিবের বাজার এলাকায় এই বিষয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, বসন্তপুর ও তার আশপাশের এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা এখন চরম ঝুঁকির মধ্যে পড়েছে। ডাকাত দল কর্তৃক গৃহবধূকে গুলি করার ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘটনার শিকার প্রবাসীর ছোট ভাই মোবারক হোসেন জানান, ডাকাতরা ভাবির মুখে টেপ পেঁচানোর চেষ্টা করলে পাশের রুমে থাকা ভাতিজি মাইশাকে বাঁচাতে তিনি চিৎকার করেন। এ সময় ডাকাত দলের সদস্যরা তার ভাবিকে গুলি করে পালিয়ে যায়। তিনি আরও জানান, ইতোমধ্যে পুলিশ একটি বিদেশি পিস্তল উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করেছে। তবে ঘটনার সাথে জড়িত বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর অভিযান চালিয়ে স্থানীয় পারভেজ ও কামালের বাড়ির মাঝের একটি আমগাছের নিচে লেবুগাছের ঝোপের ভেতর মুরগির খোঁয়াড়ের নিচ থেকে বিশেষ কৌশলে লুকানো একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

মানববন্ধনে বক্তারা পাঁচথুবী ইউনিয়নসহ আশপাশের এলাকায় রাতে পুলিশের টহল আরও জোরদার করার দাবি জানান। পাশাপাশি অপরাধ প্রতিরোধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

মানববন্ধনে স্থানীয় সাধারণ মানুষের পাশাপাশি আদর্শ সদর উপজেলা বিএনপির সহসভাপতি মো. জহিরুল হক জহির, শিবের বাজার কমিটির সহসভাপতি মাস্টার আলমগীর হোসেন, কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন, জামায়াতে ইসলামীর ১ নম্বর ওয়ার্ড সভাপতি মাস্টার জাহাঙ্গীর হোসেন, সেক্রেটারি কামরুল হাসান, আমড়াতলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাস্টার আলমগীর হোসেন এবং আলোকিত সমাজকল্যাণ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেনসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শিবের বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ডাকাতি বন্ধ, অস্ত্রধারীদের গ্রেপ্তার এবং স্থানীয়দের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নানা স্লোগান দেন।