কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। নিয়োগপ্রাপ্ত হয়েও দীর্ঘ সময় ধরে কর্মস্থলে যোগদান না করায় পাঁচজন চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) সকালে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে চিকিৎসাসেবা এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম খতিয়ে দেখেন স্বাস্থ্যমন্ত্রী।

পরিদর্শন চলাকালীন তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং শৌচাগারগুলো ঘুরে দেখেন। এই সময়ে তিনি সেখানে আসা রোগী এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। চিকিৎসাসেবার মান, প্রয়োজনীয় ওষুধের সরবরাহ এবং রোগীদের কোনো ভোগান্তি হচ্ছে কি না, সে বিষয়ে সরাসরি খোঁজখবর নেন তিনি। পাশাপাশি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার মান, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়মিত উপস্থিতি এবং তাদের দায়িত্ব পালনের নিষ্ঠা সম্পর্কেও খোঁজ নেন মন্ত্রী।

পরিদর্শন কর্মসূচি শেষে গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, “সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার।”

তিনি আরও বলেন, “সরকারি হাসপাতালে এসে কোনো রোগী যেন চিকিৎসাবঞ্চিত না হন এবং দালাল চক্রের হয়রানির শিকার না হন, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখাও বাধ্যতামূলক।”

পরিদর্শনকালে হাসপাতালের কিছু ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি চোখে পড়লে তা দ্রুত সংশোধনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে চিকিৎসাসেবার মান আরও উন্নত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।