রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। এর ফলে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে স্বাভাবিক চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসক না পেয়ে চরম ভোগান্তির মুখে পড়েছেন ভর্তি থাকা রোগী এবং তাঁদের স্বজনরা।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে কোনো ইন্টার্ন চিকিৎসকের দেখা মেলেনি। বর্তমানে নার্স এবং মেডিকেল কর্মকর্তারা রোগীদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন। তবে রোগীর প্রচণ্ড চাপের কারণে তাঁদের পক্ষে এককভাবে সেবা প্রদান করা কঠিন হয়ে পড়েছে এবং তাঁরা হিমশিম খাচ্ছেন।

জানা গেছে, আজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় তাঁদের দাবির বিষয়ে সন্তোষজনক অগ্রগতি হলে কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনের কথা ভাবছেন তাঁরা। অন্যথায়, এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

হাসপাতালে আসা রোগীদের মধ্যে তীব্র ক্ষোভ লক্ষ্য করা গেছে। নওগাঁর আত্রাই থেকে আসা মো. মোয়াজ্জেমের স্ত্রী হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি অভিযোগ করে বলেন, “ডাক্তার নেই, চিকিৎসা নেই। শুধু নার্স এসে দেখছে। আমার স্ত্রীর হার্টের সমস্যা। গতকাল বুধবার সকালে একবার ডাক্তার এসেছিল। পরে আর আসেননি।”

একইভাবে কুষ্টিয়া থেকে আসা মগরব মণ্ডল তাঁর নাতি তামিমকে পেটের পীড়ার কারণে হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করেছেন। মগরবের অভিযোগ, হাসপাতালে কোনো চিকিৎসক নেই এবং নার্সদের কাছে গেলেও তাঁরা প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারছেন না।

হাসপাতালের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই হাসপাতালে প্রায় ২৫২ জন ইন্টার্ন চিকিৎসক রোগীদের সেবা প্রদান করে থাকেন। গতকাল তাঁরা পুরো দিন কাজে আসেননি এবং আজ সকাল ১০টা পর্যন্তও তাঁদের কাজে যোগ দেওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি। ইন্টার্ন চিকিৎসকদের এই অনুপস্থিতির কারণে রোগীদের যথাযথ চিকিৎসা দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

কর্মবিরতির বিষয়ে ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি শাহাদাত মাহমুদ বলেন, “আজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের সভা হওয়ার কথা আছে। সেখানে দাবির বিষয়ে সন্তোষজনক অগ্রগতি হলে তাঁরা কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত বদলাবেন। অন্যথায় কর্মবিরতি চলবে।”

উল্লেখ্য, চিকিৎসাসামগ্রীর তীব্র সংকট এবং নিরাপত্তাসহ পাঁচ দফা দাবিতে গতকাল থেকে এই অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন রাজশাহী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকেরা। তাঁদের দাবির তালিকায় রয়েছে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, চিকিৎসকদের নিরাপত্তা জোরদার করা, রোগীর স্বজনদের প্রবেশ নিয়ন্ত্রণ করা এবং অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু করা।

এদিকে কর্মবিরতির মধ্যেও রোগীদের সেবা চালু রাখতে মেডিকেল কর্মকর্তা, সহকারী রেজিস্ট্রার এবং সহকারী অধ্যাপক থেকে অধ্যাপক পর্যায়ের চিকিৎসকদের ওয়ার্ডে দায়িত্ব পালন ও নিয়মিত ফলোআপ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহম্মেদ। আজ সকাল ১০টার দিকে তিনি মুক্তকণ্ঠকে বলেন, “গতকাল সন্ধ্যায় ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে বসেছিলেন হাসপাতালের পরিচালক। আজও আলোচনা হবে।”