চিকিৎসাসামগ্রীর তীব্র সংকট, নিরাপত্তাহীনতা এবং হাসপাতালের নানা অব্যবস্থাপনার প্রতিবাদ জানিয়ে বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জারি করা একটি জরুরি বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছে যে, হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ এবং জীবন রক্ষাকারী চিকিৎসাসরঞ্জামের চরম সংকট বিরাজ করছে। এর পাশাপাশি অতিরিক্ত দর্শনার্থীদের অবাধ প্রবেশ এবং দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের গাফিলতির কারণে ইন্টার্ন চিকিৎসকেরা চরম নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, “একাধিক ইন্টার্ন চিকিৎসককে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। রোগীর স্বজনদের হুমকির মুখে একজন নারী ইন্টার্ন চিকিৎসককে সাধারণ পোশাকে ওয়ার্ড ছাড়তে বাধ্য হওয়ার ঘটনাও ঘটেছে। এ ছাড়া অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর চাপ বেড়েছে। ফলে অতিরিক্ত চাপের মধ্যে দায়িত্ব পালন করতে হচ্ছে ইন্টার্ন চিকিৎসকদের।”
ইন্টার্ন ডক্টরস সোসাইটির দাবি, বর্তমান সমস্যাগুলো সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ বারবার মৌখিক আশ্বাস দিলেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চিকিৎসাসেবার উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন।
সংগঠনটি তাদের পাঁচ দফা দাবি উত্থাপন করেছে। এই দাবিগুলোর মধ্যে রয়েছে— ভর্তি ওয়ার্ডে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসাসরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, একজন রোগীর সঙ্গে সর্বোচ্চ দুজন দর্শনার্থীর প্রবেশাধিকার নিশ্চিত করা (এর বেশি প্রবেশ বন্ধ করা), ভর্তি ওয়ার্ডগুলোতে আনসার সদস্যদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা এবং অবিলম্বে ক্যাজুয়ালটি বিভাগ পুনরায় চালু করা।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে জানানো হয়েছে, যদি দ্রুত এই দাবিগুলোর সমাধান করা না হয়, তবে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।