যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তাঁর সমর্থনের কারণেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবারের নির্বাচনে ‘নিশ্চিত পরাজয়’ এড়াতে সক্ষম হয়েছেন।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের জন্য গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে বুথফেরত জরিপের প্রাথমিক তথ্যে দেখা গেছে, কোনো রাজনৈতিক দল বা জোটই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভের প্রতিবেদন অনুযায়ী, লিকুদ পার্টির প্রধান বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট ৫৬টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে, সাবেক সেনাপ্রধান ও ইয়াশার নেতা গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটটি জিতেছে ৪৮টি আসনে। এছাড়া আরব লিস্ট ১৬টি আসনে জয়ী হয়েছে।
মোট ১২০টি আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম ৬১টি আসন কোনো পক্ষই নিশ্চিত করতে পারেনি। যদিও একক দল হিসেবে লিকুদ পার্টি জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে।
কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এখন ইসরায়েলে নতুন সরকার গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘ দর-কষাকষি শুরু হতে পারে, যা কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাস পর্যন্ত দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘এ সবকিছুই ঘটেছে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনের পর—যিনি শুধু মধ্যপ্রাচ্য, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভালো চান!’
উল্লেখ্য যে, ইসরায়েলের এই নির্বাচনের আগে প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি সমর্থন ব্যক্ত করেছিলেন। তবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অন্য কোনো দেশের নির্বাচনে কাউকে প্রকাশ্যে সমর্থন দিতে রাজি হননি এবং এই বিষয়ে অস্বীকৃতি জানিয়েছেন।
নেসেটের এবারের নির্বাচনে ইসরায়েলি আরবরা অভাবনীয় সাফল্য পেয়েছেন। প্রধান দুটি রাজনৈতিক জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় পরবর্তী সরকার গঠনে আরবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে নির্বাচনের ফলাফলে এগিয়ে থাকার খবরের পর নেতানিয়াহু কঠোর অবস্থান নিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আরবদের সমর্থন নিয়ে ইসরায়েলে কোনো সরকার পরিচালনা করা হবে না।
জেরুজালেমে লিকুদ পার্টির প্রধান কার্যালয়ে সমর্থকদের সামনে উপস্থিত হয়ে নেতানিয়াহু জানান, সম্ভাব্য সরকার গঠনের বিষয়ে এখনই আলোচনা করাটা হবে আগাম। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি ভোটের ‘প্রকৃত ফলাফল’ পাওয়ার জন্য অপেক্ষা করবেন।