ইসরায়েলে একটি ‘শক্তিশালী’ নতুন জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির পার্লামেন্ট নেসেটের সাম্প্রতিক নির্বাচনের প্রাথমিক ফলাফলে তাঁর নেতৃত্বাধীন জোট এগিয়ে থাকার পর সমর্থকদের সামনে এই কথা জানান তিনি।
আজ বুধবার জেরুজালেমে লিকুদ পার্টির সমর্থকদের এক সমাবেশে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘লিকুদ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আমরা একটি শক্তিশালী নতুন জাতীয় সরকার গড়ব।’
গত মঙ্গলবার ইসরায়েলে এই গুরুত্বপূর্ণ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষ হওয়ার পর বুথফেরত জরিপে (এক্সিট পোল) এক নাটকীয় মোড় দেখা যায়। শুরুতে বিরোধী জোটের এগিয়ে থাকার আভাস মিললেও সর্বশেষ হালনাগাদে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ঘুরে দাঁড়িয়েছে বলে জানা গেছে।
দেশটির সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত পাওয়া হিসাবে বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ৫২টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের জোট এগিয়ে আছে ৪৯টি আসনে। এছাড়া আরব লিস্ট ১৯টি আসনে এগিয়ে রয়েছে। এবারের নির্বাচনে একক দল হিসেবেও লিকুদ পার্টি এগিয়ে আছে বলে জানা গেছে।
তবে ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ ৬১টি আসন কোনো পক্ষই নিশ্চিত করতে পারেনি। ফলে পরবর্তী সরকার গঠনে দলগুলোকে বিভিন্ন রাজনৈতিক সমীকরণের মধ্য দিয়ে যেতে হবে।
ভোটের ফলাফলে এগিয়ে থাকার খবর পাওয়ার পর জেরুজালেমে লিকুদ পার্টির প্রধান কার্যালয়ে সমর্থকদের সামনে উপস্থিত হন নেতানিয়াহু। সেখানে তিনি জানান, সম্ভাব্য সরকার গঠনের বিষয়ে এখনই বিস্তারিত কথা বলাটা সময়ের আগে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি নির্বাচনের ‘প্রকৃত ফলাফল’ পাওয়ার জন্য অপেক্ষা করবেন।
তবে সরকার গঠনের ক্ষেত্রে একটি বিষয়ে তিনি অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দেন, আরবদের সমর্থন নিয়ে ইসরায়েলে কোনো সরকার পরিচালনা করা হবে না।
উল্লেখ্য, নেসেটের এবারের নির্বাচনে ইসরায়েলি আরবেরা অভাবনীয় সাফল্য অর্জন করেছে। প্রধান দুটি রাজনৈতিক জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় পরবর্তী সরকার গঠনে আরবেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, নির্বাচনের ফলাফল ঘোষণার পর নিজের দলীয় কার্যালয়ে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন বিরোধী জোটের নেতা এবং ইয়াশার দলের প্রধান গাদি আইজেনকট। তিনি জনগণকে চূড়ান্ত ফলাফলের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানান। আইজেনকট বলেন, ‘এটা স্পষ্ট যে দেশের মানুষ পরিবর্তনের পক্ষে এবং নেতানিয়াহুর ব্যর্থ শাসনের বিরুদ্ধে ভোট দিয়েছে।’
নেতানিয়াহুর প্রতি জনগণের অনাস্থা উল্লেখ করে তিনি তাঁকে রাজনীতি থেকে বিদায় নেওয়ার আহ্বান জানান। আইজেনকট আরও বলেন, নির্বাচনে ভোটারদের এত বড় উপস্থিতির পর আবার নতুন করে নির্বাচন দেওয়াটা মারাত্মক ভুল হবে।
একই সঙ্গে সরকার গঠনের প্রত্যয় ব্যক্ত করে গাদি আইজেনকট ঘোষণা করেন, তিনি সবাইকে নিয়ে একটি দায়িত্বশীল জায়োনিস্ট সরকার গঠন করতে নিজের সর্বোচ্চ চেষ্টা করবেন।