অপরাধ দমনের অজুহাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বৈধতা খোঁজা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।

সোমবার (২৬ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। বিবৃতিতে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, “অপরাধ দমনের নামে বিচারবহির্ভূত হত্যার বৈধতা চাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি মনে করেন, জুলাই পরবর্তী বাংলাদেশে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারগুলো এখনো বাস্তবায়িত না হওয়ায় পুলিশ বাহিনীর মধ্যে এখনো ক্রসফায়ারের সেই পুরনো মানসিকতা রয়ে গেছে। পুলিশের মহাপরিচালকের (আইজিপি) পক্ষ থেকে সরকারের কাছে ক্রসফায়ারের অনুমতি চাওয়ার বিষয়টি উল্লেখ করে সাদিক কায়েম তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সাদিক কায়েম বলেন, “পুলিশের কাজ অপরাধী ধরা, বিচার করা নয়। ন্যায়বিচার নিশ্চিত করতে হলে বিচার বিভাগকে শক্তিশালী, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত করতে হবে। সেই পথ বন্ধ করে পুলিশকে ক্রসফায়ারের ক্ষমতা দেওয়ার অর্থ হলো একটি ফ্যাসিবাদী পুলিশি রাষ্ট্র গঠনের আয়োজন আরম্ভ করা।”

আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের স্মৃতি মনে করিয়ে দিয়ে ডাকসুর ভিপি বলেন, “টেকনাফের একরামুল হককে ক্রসফায়ারে হত্যার সময় তার ছোট্ট মেয়ের কান্নাজড়িত কণ্ঠে বলা কথা, ‘আব্বু, তুমি কান্না করতেছ যে!’ মানুষ এখনো ভুলে যায়নি।”

তিনি আরও বলেন, আর কোনো সন্তানকে যেন এভাবে বাবাকে শেষ বিদায় জানাতে না হয়, এমন এক বাংলাদেশের স্বপ্ন নিয়েই এই দেশে জুলাই বিপ্লব হয়েছিল।

বিবৃতির শেষ অংশে সাদিক কায়েম হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি পুনরায় ফিরিয়ে আনার কোনো উদ্যোগই তারা সফল হতে দেবেন না, ইনশা আল্লাহ।