জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন সাদিক কায়েম। তবে তার এই পদের বিপরীতে বিভিন্ন মহলে একটি অভিযোগ দীর্ঘকাল ধরে চলে আসছিল। অভিযোগটি ছিল, তিনি ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং নিয়মিতভাবে তাদের মিছিল ও মিটিংয়ে অংশগ্রহণ করতেন।
দীর্ঘদিন ধরে এই বিষয়টি জনসমক্ষে খুব একটা আলোচিত বা সমালোচিত না হলেও, সম্প্রতি গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর একটি ছবি সামনে এনে সাদিক কায়েমের ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার দাবি করেন। এর ফলে বিষয়টি পুনরায় তীব্র সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
সম্প্রতি আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, ‘আমরা আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে মিছিল করেছি। ভারতীয় আগ্রাসনবিরোধী আন্দোলনে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। ছাত্রলীগ মিছিল নিয়ে আসছে আমাদের মিছিল প্রতিহত করবে। ওই মিছিলে লাল কালি দিয়ে একটা ছবি মার্ক করা একটা ছেলে আছে, সে সাদিক কায়েম।’
প্রতিমন্ত্রী নুরের এই গুরুতর অভিযোগ এবং ছাত্রলীগের মিছিলের ছবিতে তার উপস্থিতির বিষয়ে জানতে চাওয়া হলে সাদিক কায়েম তার তীব্র প্রতিবাদ জানান। তিনি মুক্তকণ্ঠকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেন, ‘প্রতিমন্ত্রী নুর যা বলেছেন, তা সম্পূর্ণ মিথ্যাচার। তিনি যে ছবি দেখিয়েছেন সেটি আবরার ফাহাদের শাহাদাতের সময়কার নয়। যে অভিযোগ তুলেছেন, তার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’