অপরাধ দমনের দোহাই দিয়ে বিচারবহির্ভূত হত্যার বৈধতা খোঁজা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মত প্রকাশ করেছেন ডাকসু ভিসি আবু সাদিক কায়েম। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক বার্তায় তিনি এই কঠোর মন্তব্য করেন।

আইজিপি কর্তৃক সরকারের কাছে ক্রসফায়ারের অনুমতি চাওয়ার যে বক্তব্যের কথা সামনে এসেছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডাকসু ভিপি। তিনি মনে করেন, জুলাই পরবর্তী বাংলাদেশে রাষ্ট্রের কাঙ্ক্ষিত সংস্কারগুলো এখনো বাস্তবায়িত না হওয়ায় পুলিশ বাহিনী এখনো ক্রসফায়ারের পুরনো মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারেনি।

সাদিক কায়েম তার বার্তায় উল্লেখ করেন, পুলিশের মূল দায়িত্ব হলো অপরাধীকে গ্রেপ্তার করা, বিচার করা পুলিশের কাজ নয়। দেশে প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত করতে হলে বিচার বিভাগকে শক্তিশালী, নিরপেক্ষ এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করার উদ্যোগ নিতে হবে। তিনি সতর্ক করে বলেন, ন্যায়বিচারের পথ বন্ধ করে পুলিশকে পুনরায় ক্রসফায়ারের ক্ষমতা দেওয়ার অর্থ হবে একটি ফ্যাসিবাদী পুলিশি রাষ্ট্র গঠনের প্রক্রিয়া শুরু করা।

আওয়ামী ফ্যাসিবাদের শাসনামলে ক্রসফায়ারে নিহত টেকনাফের একরামুল হকের কথা স্মরণ করে তিনি বলেন, “আব্বু, তুমি কান্না করতেছ যে!” একরামুল হকের ছোট্ট মেয়ের কান্নাজড়িত কণ্ঠে বলা এই কথা আমরা ভুলিনি। তিনি আরও বলেন, আর কোনো সন্তানকে যেন এভাবে বাবাকে শেষ বিদায় জানাতে না হয়, এমন এক বাংলাদেশের স্বপ্ন নিয়েই এ দেশে জুলাই বিপ্লব হয়েছিল। পরিশেষে তিনি দৃঢ়তার সাথে জানান, বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যার সংস্কৃতি পুনরায় ফিরিয়ে আনার কোনো উদ্যোগই তারা সফল হতে দেবেন না, ইনশাআল্লাহ।