শারদীয়া দুর্গোৎসবের নবমী তিথিতে রাজধানী ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপ পরিদর্শনে বিশেষ সফরে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে করে তিনি রংপুরের উদ্দেশে যাত্রা করেন।

দিনব্যাপী এই বিশেষ সফরে প্রধানমন্ত্রী রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং পূজারি ও পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। সব কর্মসূচি শেষ করে রাতে তার পুনরায় ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, সকাল ৯টায় প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দর থেকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছেন। সেখান থেকে সড়কপথে তিনি রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন। সকাল ১০টায় সেখানে পূজামণ্ডপ পরিদর্শন এবং পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি নির্ধারিত করা হয়েছে।

প্রেস সচিব আরও জানান, এদিন প্রধানমন্ত্রী রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপগুলোও পরিদর্শন করবেন। তিনটি প্রধান মহানগরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতে তিনি ঢাকায় ফিরবেন।

রংপুরের কর্মসূচি শেষ করে দুপুরের আগে সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন তারেক রহমান। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, দুপুর সোয়া ১টায় তিনি রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরপর দুপুর সোয়া ২টায় প্রধানমন্ত্রী রাজশাহী সার্কিট হাউসে যাবেন। সেখানে কিছুক্ষণ যাত্রাবিরতি ও বিশ্রাম শেষে বিকেল ৩টায় নগরীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় যোগ দেবেন তিনি।

রাজশাহীর কর্মসূচি সমাপ্ত করে বিকেল সোয়া ৪টায় শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম বিমানবন্দর থেকে তিনি নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন। সেখানে পূজামণ্ডপ পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি রয়েছে তার।

চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সন্ধ্যা পৌনে ৭টায় প্রধানমন্ত্রী চট্টগ্রাম সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন। পরবর্তীতে রাত পৌনে ৮টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। নির্ধারিত সময়সূচী অনুযায়ী, রাত সোয়া ৯টায় তেজগাঁও বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরসঙ্গী হিসেবে সাথে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।