রাজধানীর বাইরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উদযাপনের দৃশ্য দেখতে আগামী ২০ অক্টোবর রংপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই আসন্ন সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি এবং দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে রংপুর জেলা প্রশাসক ইসরাত জাহান এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসকের দেওয়া তথ্য অনুযায়ী, সফর চলাকালীন প্রধানমন্ত্রী একটি পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এই উদ্দেশ্যে নগরীর শ্রী শ্রী করুণাময়ী কালিমন্দির, ধর্মসভা এবং গুপ্তপাড়া মন্দির প্রস্তুত করা হচ্ছে। এই তিনটি মণ্ডপের যেকোনো একটিতে তাঁর যাওয়ার কথা রয়েছে। তবে চূড়ান্তভাবে তিনি কোন মণ্ডপটি পরিদর্শন করবেন, তা এখনো নিশ্চিত করা হয়নি।

সফরসূচি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁও বিমানবন্দর থেকে আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি রংপুরের নগরীর রাধা গোবিন্দ মন্দিরের (ধর্মসভা) উদ্দেশ্যে যাত্রা করবেন। বেলা ১১টার দিকে তিনি ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পরিদর্শন করবেন বলে জানা গেছে। পরিদর্শন কর্মসূচি শেষ করে তিনি পুনরায় সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন।

এদিকে প্রধানমন্ত্রীর এই আগমনে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এক ধরনের চাঙা ভাব তৈরি হয়েছে। সফরকে কেন্দ্র করে অভ্যন্তরীণ সমন্বয় আরও জোরদার করা, প্রয়োজনীয় সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ এবং স্থানীয় পর্যায়ে দলের ঐক্য সুদৃঢ় করার নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, এই সফরকে সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নগরীর কোতোয়ালি থানার সামনে অবস্থিত ‘তিলোত্তমা হোটেলে’ একটি জরুরি সভা আহ্বান করেছে জেলা বিএনপি। উক্ত সভায় রংপুর জেলা বিএনপির আওতাধীন বিভিন্ন উপজেলা ও পৌরসভা কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

শ্রী শ্রী দুর্গা মন্দির (গুপ্তপাড়া, রংপুর)-এর সভাপতি সুব্রত সরকার মুকুল বলেন, “আমরা এখনও প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো চিঠি পাইনি। তবে এসএসএফ ও এনএসআই প্রতিনিধিদল পরিদর্শন করে গেছে। আমরা প্রধানমন্ত্রীর সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি এবং প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছি।”

রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এবং রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন জানান, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে রংপুরের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আনন্দ-উদ্দীপনা বিরাজ করছে। দলীয়ভাবেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী রংপুরের এক বা একাধিক পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে।

তিনি আরও বলেন, “এটি একটি বিরল ও ঐতিহাসিক ঘটনা। কারণ প্রধানমন্ত্রী রাজধানীর বাইরে প্রত্যন্ত অঞ্চলে শারদীয় উৎসব দেখতে আসছেন, যা পুরো নগরীকে সম্মানিত করবে।” এই সময়ে তিনি প্রধানমন্ত্রীর সফর সফল ও নির্বিঘ্ন করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।