শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবের আনন্দ ভাগ করে নিতেই তাঁর এই বিশেষ সফর।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, পূজামণ্ডপ পরিদর্শনের লক্ষ্যে তিন বিভাগের তিনটি জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। তাঁর সফরসূচি অনুযায়ী, আজ মঙ্গলবার সকালে তিনি প্রথমে রংপুর, এরপর রাজশাহী এবং সবশেষে চট্টগ্রাম সফর করবেন।
সফরের গুরুত্ব বর্ণনা করে আতিকুর রহমান রুমন আরও বলেন, ‘এই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন। প্রধানমন্ত্রী পূজামণ্ডপগুলোতে পূজারিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।’
সফরসূচি অনুযায়ী, আজ সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন এবং সেখান থেকে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন।
এরপর তিনি রাজশাহীর হজরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছাবেন। বেলা দেড়টায় তিনি সেখানকার ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। এরপর রাজশাহী সার্কিট হাউসে স্বল্প সময়ের বিশ্রাম শেষে বেলা ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজশাহী সফর শেষ করে বিমানে করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় তিনি নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে বিমানযোগে তিনি পুনরায় ঢাকা ফিরবেন বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব।
এর আগে গত রোববার রাতে ঢাকার মহাখালী ও বনানী এলাকার পূজামণ্ডপগুলো পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। সেই সময়ে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী জুবাইদা রহমান।
উল্লেখ্য, আজ দুর্গাপূজার মহানবমী উদযাপিত হচ্ছে। আগামীকাল বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এই শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।