রংপুরের পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে শিক্ষার্থীদের ভিড় দেখে আকস্মিক বাস থামালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে আনন্দঘন মুহূর্তে সেলফি তোলেন। শুধু তাই নয়, শিক্ষার্থীদের জন্য ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন ধরনের খেলার সামগ্রী উপহার হিসেবে প্রদান করেন তিনি। প্রধানমন্ত্রীর এই অপ্রত্যাশিত উপস্থিতিতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে করে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে সড়কপথে রংপুরের দিকে যাওয়ার সময় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে দেখে তিনি তার বাস থামানোর নির্দেশ দেন।

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী যখন বিমানবন্দর থেকে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখন শিক্ষার্থীরা কলেজের সামনে জড়ো হয়ে দাঁড়িয়ে ছিলেন। তাদের দেখেই প্রধানমন্ত্রী বাস থামান। এরপর তিনি শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন এবং ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলার সামগ্রী উপহার হিসেবে দেন।

অধ্যক্ষ আরও জানান, এই সুযোগে তারা প্রধানমন্ত্রীর কাছে কলেজের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে বিশেষ অনুরোধ জানান। বিশেষ করে কলেজে দুটি ছাত্রাবাস এবং একটি হলরুম নির্মাণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তারা একটি লিখিত আবেদনপত্রও তাঁর হাতে তুলে দিয়েছেন।

সফরসূচি অনুযায়ী, সৈয়দপুর থেকে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এই পরিদর্শন কর্মসূচি শেষ করে তিনি পুনরায় সৈয়দপুর বিমানবন্দরে ফিরে আসবেন এবং সেখান থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন।

রাজশাহীর হজরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছানোর পর দুপুর দেড়টায় তাঁর ধর্মসভা মন্দির পরিদর্শনের কথা রয়েছে। এরপর রাজশাহী সার্কিট হাউসে স্বল্প সময়ের বিশ্রাম শেষে দুপুর ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

রাজশাহীর কর্মসূচি শেষ করে তিনি বিমানে করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন। সেখানে পৌঁছে সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। সবশেষে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম নিয়ে রাতে বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।