নিজ প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভের পর অবশেষে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ৪৮ শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। কলেজটির ভর্তি নীতিমালায় সাধারণত জিপিএ-৫ নির্ধারিত থাকলেও, একই প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করা এবং জিপিএ-৪ বা তার বেশি প্রাপ্ত শিক্ষার্থীদের আবেদনের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল কালাম আজাদ। জানা যায়, চলতি বছর কলেজ থেকে ১০১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ১০০ জন উত্তীর্ণ হন এবং ৫২ জন জিপিএ-৵ লাভ করেন। অন্যদিকে, চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট ৩৫০টি আসন নির্ধারণ করা হয়েছিল।

গত ২৭ আগস্ট প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে সর্বনিম্ন যোগ্যতা হিসেবে জিপিএ-৫ নির্ধারণ করা হয়। ফলে একই কলেজ থেকে এসএসসি পাস করলেও জিপিএ-৵ না পাওয়ায় ৪৮ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হন। বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই শিক্ষার্থী ও অভিভাবকেরা নীতিমালা সংশোধনের দাবি জানিয়ে আসছিলেন। এ বিষয়ে মুক্তকণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

এরপর রোববার (১৩ সেপ্টেম্বর) ভর্তির সুযোগের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকেরা সৈয়দপুর বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম এবং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক শাহরিন ইসলাম তুহিন। তারা শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনার আশ্বাস দেন।

এ সময় তারা কলেজ অধ্যক্ষকে শিক্ষা বোর্ডের সাথে যোগাযোগের অনুরোধ জানান। পরে শাহরিন ইসলাম তুহিন শিক্ষার্থী ও অভিভাবকদের জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার আহ্বান জানান। সেখানে নীলফামারী জেলার দায়িত্বপ্রাপ্ত সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সাথে তাদের সাক্ষাত হয়। মন্ত্রী বিষয়টি শোনেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন।

এর পরিপ্রেক্ষিতে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এসএসসি পাস করা জিপিএ-৪ বা তার বেশি প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তির অনুমতি দেওয়া হয়। ফলে জিপিএ-৵ না পাওয়ায় বঞ্চিত হওয়া ওই ৪৮ শিক্ষার্থী এখন নিজেদের প্রতিষ্ঠানে ভর্তির আবেদন করতে পারবেন।

অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল কালাম আজাদ বলেন, "এ প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন যোগ্যতা জিপিএ-৫। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, শুধুমাত্র এ প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করা জিপিএ-৪ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরাও ভর্তির সুযোগ পাবে।"