একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল আজ বৃহস্পতিবার রাত ৮টায় প্রকাশ করা হবে। গত ২৮ সেপ্টেম্বর শেষ হয়েছে এ ধাপের অনলাইন আবেদন। রোববার (২৭ সেপ্টেম্বর) আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ১৭ সেপ্টেম্বরের স্মারকের আলোকে দ্বিতীয় ধাপে আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, যারা আগে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেনি বা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি, তারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে। চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পরও যারা নিশ্চায়ন করতে পারেনি বা নির্ধারিত সময়ে কলেজে ভর্তি হতে পারেনি, তারাও এ সুযোগ পাবে। ভুল কোটা নির্ধারণের কারণে চূড়ান্ত মনোনয়ন সত্ত্বেও যারা ভর্তি হতে পারেনি, তাদের জন্যও দ্বিতীয় ধাপে আবেদনের পথ খোলা।
দ্বিতীয় ধাপে আবেদন করতে শিক্ষার্থীদের শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ভর্তি ওয়েবসাইটের নির্দেশনা অনুসরণ করতে হবে। কলেজের বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় নিয়ে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দ দিতে হবে।
দ্বিতীয় ধাপে নির্বাচিতদের ফল প্রকাশের পর ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চায়নের সময় থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে ওই শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশিত হবে ৪ অক্টোবর রাত ৮টায়। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম ধাপে আবেদন করেও যারা কোনো কলেজে নির্বাচিত হয়নি, তাদের দ্বিতীয় ধাপে আবেদনের জন্য ২২০ টাকা অনলাইন ফি দিতে হবে না। এ ক্ষেত্রে ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ সিলেকশন বা এডিট সম্পন্ন করতে হবে। দ্বিতীয় ধাপে আবেদনের সময় কোটার যোগ্যতা যাচাই করে সঠিক কোটা নির্ধারণের নির্দেশনাও দেওয়া হয়েছে। ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দেওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করা হয়েছে।