সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আজ রংপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের অংশ হিসেবে তিনি রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। তবে প্রধানমন্ত্রীর আগমনের আগে তাকে স্বাগত জানিয়ে শহরজুড়ে লাগানো বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড মধ্যরাতেই সরিয়ে ফেলা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর রংপুরে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তিনি ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পূজামণ্ডপ পরিদর্শন করবেন। সফরটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই সার্বিক নিরাপত্তাব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে। বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকায় নিরাপত্তা তদারকির কাজ করছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রাজধানী ঢাকার বাইরে গিয়ে রংপুরে সরকারপ্রধানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের সিদ্ধান্তকে স্থানীয় বাসিন্দারা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে অভিহিত করছেন।
রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি পার্থ বোস এই বিষয়ে বলেন, “প্রধানমন্ত্রী রংপুরের একটি মন্দিরে আসছেন, এ জন্য আমরা অত্যন্ত আনন্দিত। প্রত্যন্ত অঞ্চলে কীভাবে শারদীয় উৎসব পালন করা হয়, তিনি তা সরেজমিনে দেখবেন। আমাদের সঙ্গে কুশল বিনিময় করবেন, এটি আমাদের এবং ভক্তদের জন্য পরম পাওয়া নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে থাকবে বলে আমরা মনে করি।”
জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, সফর ঘিরে পুরো রংপুরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। বিশেষ নিরাপত্তাবাহিনী (এসএসএফ), পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পাশাপাশি মণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবক দল নিয়োজিত রাখা হয়েছে। এছাড়া নগরীর প্রবেশপথগুলোতে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে শুধু হিন্দু সম্প্রদায় নয়, রংপুরের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। রাজধানী ঢাকার গণ্ডি পেরিয়ে উত্তরাঞ্চলের এই এলাকায় সরকারপ্রধানের সশরীরে উপস্থিতি এবং ভক্তদের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার উদ্যোগকে স্থানীয়রা ধর্মীয় সম্প্রীতির এক চমৎকার উদাহরণ হিসেবে দেখছেন। অন্যদিকে, সফরটি সফল করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সিটি করপোরেশন নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে। প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য চলছে নানা প্রস্তুতি। বিশেষ করে, সম্প্রতি রংপুর সিটি করপোরেশনের উন্নয়নে বড় অঙ্কের বাজেট বরাদ্দের পর প্রধানমন্ত্রীর এই আগমন স্থানীয়দের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে সাজসজ্জার কাজ চলছে। সিটি করপোরেশনের উদ্যোগে সড়ক ও রোড ডিভাইডারগুলো ধুয়ে-মুছে রং করা হয়েছে এবং ডিভাইডারে ছোট ছোট ফুলের গাছ লাগানো হয়েছে। ইতোমধ্যে নগরীর প্রধান সড়কের ফুটপাতগুলো দখলমুক্ত করে পরিষ্কার করা হয়েছে। বিলবোর্ডগুলো থেকে সরিয়ে ফেলা হয়েছে সব ব্যানার ও ফেস্টুন। প্রধানমন্ত্রীর যাতায়াতের জন্য নির্ধারিত সড়কগুলোতে সংস্কারকাজ চালানো হয়েছে; বিশেষ করে নগরীর ডিসির মোড় থেকে চেকপোস্ট পর্যন্ত চলমান কাজগুলো দ্রুতগতিতে সম্পন্ন করা হয়েছে।
রংপুর মহানগর ও জেলা বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, ওলামা দল, জিয়া সংসদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই সফর সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।
রংপুর জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, “প্রধানমন্ত্রী রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন। তার সফর ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।”
রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন-নবী চৌধুরী ডন বলেন, “প্রধানমন্ত্রীর সফর ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তবে দপ্তরের নির্দেশনা মোতাবেক প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে টানানো ব্যানার-পোস্টারগুলো সরিয়ে ফেলা হয়েছে। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। আমরাও আনন্দিত। সম্প্রীতির বার্তা নিয়ে তিনি শারদীয় উৎসবে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরে আসছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী রংপুরের উন্নয়নে ১ হাজার ৮০০ কোটি টাকার দুটি প্রকল্পের অনুমোদন দিয়েছেন। পাশাপাশি রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনে আরও ১২৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতের জন্য অনেক পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়িত হলে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে, ইনশাআল্লাহ।”