শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভাগীয় নগরী রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর বিভাগে সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে তিনি বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে পৌঁছানোর পর স্থানীয় নেতাকর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি বাসযোগে সড়কপথে বিমানবন্দর থেকে রংপুরের দিকে যাত্রা শুরু করেন। যাত্রাপথে রাস্তার দুই পাশে ভিড় করে থাকা বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষকে বাস থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এরপরই প্রধানমন্ত্রীকে বহনকারী বাস সৈয়দপুর থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা হয়।
সফরসূচি অনুযায়ী, আজ প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানযোগে সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সড়কপথে বাসযোগে তিনি রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন। মন্দির পরিদর্শন কার্যক্রম শেষ করে তিনি পুনরায় সৈয়দপুর বিমানবন্দরে ফিরে আসবেন এবং সেখান থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করবেন।
রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণের পর দুপুর দেড়টায় তিনি ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। এরপর রাজশাহী সার্কিট হাউসে স্বল্প সময়ের বিশ্রাম শেষে দুপুর ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখবেন তিনি। রাজশাহীর কর্মসূচি শেষ করে তিনি বিমানে করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সন্ধ্যায় চট্টগ্রামের রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। সবশেষে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম নিয়ে রাতে বিমানযোগে তিনি ঢাকায় ফিরে যাবেন।