কক্সবাজারের পাটুয়ারটেক এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার এই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মামলার বিস্তারিত তথ্য জানতে চাইলে তিনি কতজন এবং কারা আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন, তা প্রকাশ করতে রাজি হননি।
উখিয়া থানা পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র থেকে জানা গেছে, উক্ত মামলায় প্রধান আসামি করা হয়েছে টুপটুপ রিসোর্টের মালিক বোয়ালখালীর বাসিন্দা তানভীর আহমদকে। এছাড়া রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকেও এই মামলায় আসামি করা হয়েছে। তবে মোট কতজন আসামি করা হয়েছে, তা ওই সূত্রটি নিশ্চিত করতে পারেনি। পুলিশ ইতিমধ্যে ম্যানেজার সুমনকে আটক করে এই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, অগ্নিকাণ্ডে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার।
তিনি জানান, “উদ্ধার, নিখোঁজ, পরিচয় নিশ্চিতে বিষয়টি নিয়ে বিভ্রান্ত দূর করতে ডিএনএ পরীক্ষার পর এসব মরদেহ স্বজনদের হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।” এর আগ পর্যন্ত মরদেহগুলো কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
কক্সবাজারস্থ সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ এই বিষয়ে বলেন, “ডিএনএ পরীক্ষার জন্য কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে ঢাকা থেকে সিআইডির বিশেষজ্ঞ দল নিয়ে এসে এখানেই ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হবে। এভাবে প্রয়োজনীয় ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে।”