কক্সবাজারের ইনানী এলাকায় অবস্থিত একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর টুপটুপ রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকে পুলিশ হেফাজতে নিয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে আটক করে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনা প্রসঙ্গে ওসি জানান, “আটক ম্যানেজার সুমনকে থানায় নেওয়া হচ্ছে। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে। পরে বিস্তারিত পরে জানানো হবে।”

উল্লেখ্য, শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতায় পুরো রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে মোট ৯টি রুম ছিল। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে তিন রুমের পর্যটকরা চেকআউট করে চলে যান। বাকি ৬টি রুমে মোট ১৬ জন পর্যটক অবস্থান করছিলেন। তাদের মধ্যে ৫ থেকে ৬ জন সকালে ব্যক্তিগত কাজে বাইরে গিয়েছিলেন।

অন্যদিকে, ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের খবর পাওয়ার পর সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে উদ্ধার ও নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরবর্তীতে বিকেল ৩টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন।