দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে জামালপুরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পূজামণ্ডপগুলোতে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বাহিনীটি। এ উদ্দেশ্যে ইতিমধ্যে আট প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় জামালপুর শহরের দয়াময়ী মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকার পাশাপাশি শহরাঞ্চলের দায়িত্বপূর্ণ স্থানগুলোতেও বিজিবির নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে বিজিবি সদস্যদের সরাসরি উপস্থিতির পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল অব্যাহত রয়েছে। এ ছাড়া উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্গাপূজা শেষ না হওয়া পর্যন্ত এ নিরাপত্তা কার্যক্রম চালু থাকবে।

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরই বিজিবির পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। এবারও সীমান্ত ও শহরাঞ্চলের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মণ্ডপগুলো পরিদর্শনে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বেশ সন্তোষজনক মনে হয়েছে। মন্দিরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও বিজিবির এই তৎপরতায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা এবার নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারবেন।