শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সীমান্তের দুর্গম যোগাযোগব্যবস্থার সুযোগ নিয়ে যাতে কোনো অপরাধী বা দুষ্কৃতকারী অপরাধমূলক কর্মকাণ্ড ও নাশকতা ঘটাতে না পারে, সে জন্য বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক রয়েছেন বলে জানিয়েছেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্তবর্তী কালীতলা এলাকায় দুর্গাপূজার মন্দির পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মোহাম্মদ সুরুজ মিয়া বলেন, সীমান্তের কোনো নির্দিষ্ট এলাকাকে নয়, পুরো সীমান্ত এলাকাকেই গুরুত্বপূর্ণ বিবেচনায় নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে ২৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে
তিনি আরও বলেন, সীমান্তের দুই পাশেই অপরাধীদের যাতায়াতের সম্ভাবনা থাকায় পুরো সীমান্ত এলাকায় গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে দায়িত্ব পালন করছে বিজিবি।
সেক্টর কমান্ডার বলেন, সীমান্তের কোনো নির্দিষ্ট এলাকাকে আলাদাভাবে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত না করলেও যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সতর্ক রয়েছে।
এর আগে কালীতলা এলাকায় অবস্থিত তিনটি পৃথক মন্দির পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শুভেচ্ছা উপহার তুলে দেন মোহাম্মদ সুরুজ মিয়া।
এ সময় নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদসহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।