হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশজুড়ে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১০ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হবে।
সোমবার (১২ অক্টোবর) বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বাসসকে এই বিস্তারিত তথ্য প্রদান করেছেন।
লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, “পরিকল্পনা অনুযায়ী আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে বিজিবি একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।”
নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি ব্যাখ্যা করে তিনি বলেন, “সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণের মূল অংশ হলো নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়। সম্ভাব্য ঝুঁকি আগেই চিহ্নিত করা, গুজব ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে সতর্ক নজর রাখা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত সাড়া দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।”
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের ৮ কিলোমিটার এলাকার মধ্যে এবং ব্যাটালিয়ন সদরের নিকটবর্তী অঞ্চলসহ মোট ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে নিরাপত্তা সহায়তা প্রদান করবে বিজিবি। লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ জানান, দূরবর্তী ও দুর্গম এলাকাগুলোতে দ্রুত টহল নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে নির্দিষ্টসংখ্যক অস্থায়ী ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজধানী ঢাকায় বিজিবি সদস্যদের মোতায়েন এবং তাদের দায়িত্বের পরিধি সম্পূর্ণভাবে সরকারের নির্দেশনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদার ওপর ভিত্তি করে নির্ধারিত হবে বলে জানান মো. মাহবুব মুর্শেদ। তিনি আরও উল্লেখ করেন, “প্রয়োজন অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টহল, গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা সহায়তা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য বিজিবি প্রস্তুত থাকবে।”
দুর্গাপূজার গুরুত্ব সম্পর্কে তিনি বলেন, দুর্গাপূজা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার দীর্ঘ ঐতিহ্যের এক উজ্জ্বল প্রকাশ। পরিশেষে তিনি বলেন, “সনাতন ধর্মাবলম্বী ভাইবোনেরা যেন নিরাপদে, নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিতে বিজিবি সর্বাত্মকভাবে প্রস্তুত থাকবে।”