বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তায় দেশজুড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রায় ১০ হাজার সদস্য মোতায়েন করা হবে।
বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান গতকাল সোমবার বাসসকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ বলেন, “পরিকল্পনা অনুযায়ী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবেন।”
দুর্গাপূজার festivities যেন সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, সেই লক্ষ্যেই বিজিবি একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে বলে লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ উল্লেখ করেন। তিনি বলেন, “এর মূল অংশ হলো নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি। স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়। সম্ভাব্য ঝুঁকি আগেই চিহ্নিত করা। গুজব ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে সতর্ক নজর রাখা। এ ছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত সাড়া দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।”
নিরাপত্তা সহায়তার পরিধি সম্পর্কে তিনি জানান, সীমান্তের ৮ কিলোমিটার এলাকার মধ্যে এবং ব্যাটালিয়ন সদরের নিকটবর্তী অঞ্চলসহ মোট ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে বিজিবি নিরাপত্তা প্রদান করবে। লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ আরও জানান, দূরবর্তী ও দুর্গম এলাকাগুলোতে দ্রুত টহল নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে নির্দিষ্টসংখ্যক অস্থায়ী ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজধানী ঢাকায় বিজিবি মোতায়েন এবং দায়িত্ব পালনের পরিধি সরকারের নির্দেশনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদার ওপর ভিত্তি করে নির্ধারিত হবে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ। এ বিষয়ে তিনি বলেন, “প্রয়োজন অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টহল, গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা সহায়তা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য বিজিবি প্রস্তুত থাকবে।”
সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উল্লেখ করে লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ বলেন, “দুর্গাপূজা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার দীর্ঘ ঐতিহ্যের এক উজ্জ্বল প্রকাশ। সনাতন ধর্মাবলম্বী ভাইবোনেরা যেন নিরাপদে, নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে তাঁদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিতে বিজিবি সর্বাত্মকভাবে প্রস্তুত থাকবে।”