সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার দেবহাটা, কালীগঞ্জ, শ্যামনগর, কলারোয়া এবং সাতক্ষীরা সদর এলাকার মোট ৯১টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এবং সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পৃথকভাবে নির্ধারিত এলাকাগুলোতে নিরাপত্তা কার্যক্রম শুরু করেছে।

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান এবং নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত তথ্যানুযায়ী, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) দেবহাটা, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলার মোট ৪৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি সদস্য নিয়োজিত করেছে। অন্যদিকে, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলার ৩৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে।

উল্লেখ্য যে, ৩৩ বিজিবির দায়িত্বপ্রাপ্ত এলাকার মধ্যে সীমান্তের আট কিলোমিটারের ভেতরে ২৯টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে আরও নয়টি পূজামণ্ডপ অবস্থিত।

বিজিবি সূত্রে জানানো হয়েছে, দুর্গাপূজা চলাকালে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন।