‘সবার ওপরে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমে যারা অসহযোগিতা করছেন কিংবা অবহেলা প্রদর্শন করছেন, তাদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে কমিটি এই গুরুত্বপূর্ণ সুপারিশ প্রদান করে। একই সঙ্গে কোন কোন প্রকল্পের বাস্তবায়ন গতি ধীর হয়ে পড়েছে, তা গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করারও তাগিদ দিয়েছে কমিটি।

বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে থাকা বিভিন্ন দপ্তর ও সংস্থাগুলোর বর্তমান কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। রাষ্ট্র মেরামতের লক্ষ্যে মননশীলতার পরিবর্তন ঘটিয়ে ৩১ দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ে সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনার পরামর্শ দেয় সংসদীয় কমিটি।

বৈঠকের সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাঈদ আহমেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে আইনগত, প্রশাসনিক বা বাস্তব কোনো বাধা থাকলে তা কমিটির সামনে তুলে ধরতে হবে। কোনো বিষয় গোপন না করে প্রয়োজনীয় তথ্য, প্রাসঙ্গিক নথি এবং বাস্তব পরিস্থিতি উপস্থাপন করতে হবে। নাগরিক সেবা সহজ ও দ্রুত করতে হবে। জবাবদিহি নিশ্চিত করতে হবে। ডিজিটাল সেবা এবং তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নাগরিকের সময়, অর্থ ও শ্রম সাশ্রয় হয়। তাই সেবায় প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে এবং অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

কমিটির সভাপতি আরও বলেন, ‘সমস্যা সমাধানে আমাদের পূর্বের ন্যায় ধ্যানধারণা থেকে বের হয়ে এসে জবাবদিহি, স্বচ্ছতা ও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। আপনারা ভুলে যাবেন না যে আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। কোনো দলের, ব্যক্তির বা গোষ্ঠীর নন। এই কমিটিকে কেউ প্রতিপক্ষ ভাববেন না, এটি আমাদের সবার কমিটি।’

উক্ত বৈঠকে কমিটির সভাপতি সাঈদ আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী, এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), শাহজাহান চৌধুরী, আমিরুল ইসলাম খান, ফখর উদ্দিন আহমেদ, রেহেনা আক্তার ও মো. নূরুল ইসলাম।