প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করার সুপারিশ করেছে। আজ বুধবার বিকেলে সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে কমিটির সদস্যরা সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামাদি প্রদানেরও আহ্বান জানিয়েছেন। এছাড়া তারা আশা প্রকাশ করেন যে, সশস্ত্র বাহিনী জনগণের সেবায় কাজ করবে।
বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ ২৫টি দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে পরিচিতিমূলক আলোচনা এবং সংস্থাগুলোর কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
কমিটির সভাপতি মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এস এম জিলানী, আবদুস সালাম আজাদ, রেজা আহাম্মেদ, লুৎফুর রহমান এবং মো. আবদুল বাতেন উপস্থিত ছিলেন।