ত্রয়োদশ জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিগুলোর কোনোটিতেই সভাপতি পদে বিরোধী দলের কোনো সদস্যকে রাখা হয়নি।
জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ৩৯টি এবং বিষয়ভিত্তিক কমিটি ১১টি। রোববার রাতে ১০টি কমিটি গঠনের মাধ্যমে এখন পর্যন্ত ৩৬টি কমিটি গঠিত হলো। এখন পর্যন্ত শুধু সরকারি হিসাব কমিটির সভাপতি পদটি বিরোধী দলকে দেওয়া হয়েছে।
ওই রাতেই চিফ হুইপ নূরুল ইসলাম মনির পৃথক প্রস্তাবের ভিত্তিতে ১০টি কমিটি গঠন করা হয়, যা কণ্ঠভোটে পাস হয়। গঠিত কমিটিগুলোর সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন— খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে আবদুস সালাম পিন্টু; যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে আবুল খায়ের ভূঁইয়া; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে মুন্সী রফিকুল আলম; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে এ কে এম সেলিম রেজা হাবিব; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে শামছুর রহমান শিমুল বিশ্বাস; নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে জয়নুল আবদিন ফারুক; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে খায়রুল কবির খোকন; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে মাহমুদা হাবীবা; সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে বরকতউল্লা বুলু এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে আবদুল ওয়াদুদ ভূঁঞা।
এদিন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। গয়েশ্বর চন্দ্র রায়ের পরিবর্তে বিএনপির আরেক সংসদ সদস্য শাহাদাত হোসেনকে এ কমিটির সভাপতি করা হয়েছে।