ব্রাহ্মণবাড়িয়া শহরের কিশোর গ্যাংবিরোধী এক বিশেষ অভিযানে ৪২ জনকে আটক করেছে পুলিশ। তবে আটককৃতদের অপ্রাপ্ত বয়স এবং বর্তমান সামাজিক পরিস্থিতি বিবেচনা করে মুচলেকায় তাদের সবাইকে গতকাল সোমবার রাতে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম প্রথম আলোকে বলেন, যেসব এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা অপরাধ করতে পারে, সেসব এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ। এই অভিযান প্রতিদিন চলবে। অভিযানে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা ৪২ কিশোরকে আটক করা হয়। তারা কেউই কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত নয়। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অভিভাবকদের অনুরোধে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন এলাকা যেমন— পুনিয়াউট, দাতিয়ারা, রেলস্টেশন, অবকাশ পার্ক, কান্দিপাড়া, টেংকের পাড় এবং মেড্ডাসহ বেশ কিছু স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ। এই তল্লাশির সময় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করা ৪২ জন কিশোরকে আটক করা হয়। তবে পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততার তথ্য বা অভিযোগ পাওয়া যায়নি। এই কারণে মুচলেকায় তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। একই সাথে সতর্ক করে অভিভাবকদের জানানো হয়েছে যে, ভবিষ্যতে এই কিশোররা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সদর থানার ওসি খাইরুল আলম আরও জানান, ‘সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়া শহরেও কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। গতকাল সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পড়াশোনা ও প্রয়োজনীয় কাজ ছাড়া অকারণে বাইরে আড্ডা দেওয়াসহ অপরাধপ্রবণ এলাকায় পাওয়া কিশোরদের আটক করা হয়। এভাবে ঘোরাফেরা করলে তারা একসময় যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত পড়ার আশঙ্কা থাকায় অভিভাবকদের সতর্ক করা হয়েছে। কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে এই অভিযান চলবে।