চাঁদপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এই ২৪ ঘণ্টার অভিযানে মোট ৭৪ জন আসামিকে গ্রেপ্তার এবং ১৯ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।

গত শুক্রবার (৬ নভেম্বর) জেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ কার্যক্রম চালানো হয়। পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে শনিবার (৭ নভেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের মোট ৬২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগে আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের বিশেষ নির্দেশনায় জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনের লক্ষ্যেই এই অভিযানগুলো চালানো হয়।

পুলিশের দেওয়া বিস্তারিত তথ্যানুসারে, নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারের হিসাব নিম্নরূপ: চাঁদপুর সদর মডেল থানা থেকে ৩১ জন, মতলব উত্তর থানা থেকে ১২ জন, হাজীগঞ্জ থানা থেকে ৭ জন, ফরিদগঞ্জ থানা থেকে ৬ জন এবং শাহরাস্তি থানা থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে মোট ১৯ জনকে আটক করা হয়। এর মধ্যে ফরিদগঞ্জ থানা থেকে ৭ জন, চাঁদপুর সদর মডেল থানা থেকে ৪ জন, হাইমচর থানা থেকে ৪ জন এবং হাজীগঞ্জ থানা থেকে ৪ জনকে আটক করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করার পাশাপাশি বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে। ফরিদগঞ্জ থানা পুলিশ ৫৪০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করে। মতলব দক্ষিণ থানা পুলিশ ৫০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা এবং শাহরাস্তি থানা পুলিশ ১৫০ গ্রাম গাঁজা ও ২৬ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়া হাইমচর থানা পুলিশ ২ পিস এবং মতলব উত্তর থানা পুলিশ ৭ পিস ইয়াবা উদ্ধার করেছে। হাজীগঞ্জ থানা পুলিশ ৫১ পিস ইয়াবা উদ্ধার করলেও সংশ্লিষ্ট আসামি পালিয়ে যাওয়ায় তাকে ধরা সম্ভব হয়নি। সব মিলিয়ে এই অভিযানে মোট ৭৪০ গ্রাম গাঁজা ও ১৬৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, “আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেপ্তার অন্য আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”