ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ছয় কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার কাশর বোররচর এলাকার তিন রাস্তার মোড় থেকে তাদের আটক করা হয়।
আটক কিশোরদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলো— মাহমুদ মুক্তাদির (১৬), সাকিবুল হাসান (১৭), ইয়াসিন আরাফাত (১৬), মো. রোমান (১৫), সানজিদুল হাসান রিহান (১৪) ও সানজিদ (১৬)। এদের মধ্যে মাহমুদ মুক্তাদির দশম শ্রেণির এবং সানজিদুল হাসান রিহান নবম শ্রেণির শিক্ষার্থী। বাকিরা মোবাইল সার্ভিসিং, অটোরিকশা সার্ভিসিং, বাসের হেলপার এবং জুতার দোকানের কর্মী হিসেবে কর্মরত রয়েছেন।
পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কয়েকজনের নেতৃত্বে ওই নির্দিষ্ট এলাকায় একটি মিছিল অনুষ্ঠিত হওয়ার খবর পেয়ে ২ নম্বর পুলিশ ফাঁড়ির একটি দল সেখানে অভিযান চালায়। মিছিল চলাকালীন অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিল। সেই মিছিলে অংশ নেওয়ার অভিযোগে পুলিশ ওই ছয় কিশোরকে আটক করে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে যে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পলাতক সদস্য হিসেবে চিহ্নিত জাবির, আবিদ ও মাইনসহ আরও কয়েকজন অজ্ঞাতপরিচয়ের ব্যক্তির নেতৃত্বে এই মিছিলের আয়োজন করা হয়েছিল। অভিযোগ উঠেছে, মিছিলে অংশ নেওয়ার জন্য আটক প্রতিটি কিশোরকে ১০০ টাকা করে দেওয়া হয়েছিল।
পুলিশ আরও জানিয়েছে, মিছিলে ব্যবহৃত অর্থের উৎস, অর্থ সরবরাহকারী কারা, আয়োজকদের প্রকৃত পরিচয় এবং এই অর্থ লেনদেনের উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আটক কিশোরদের সঙ্গে কিশোর গ্যাংয়ের কোনো যোগসূত্র আছে কি না এবং এই মিছিলের পেছনে অন্য কোনো গোপন পরিকল্পনা ছিল কি না, তা নিয়ে তদন্ত চলছে।
এই বিষয়ে ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, “নাশকতা, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, সংঘবদ্ধ অপরাধ ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিরোধে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
তিনি আরও বলেন, “কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের পেছনে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তথ্যপ্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জেলার শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে গোয়েন্দা নজরদারি এবং অপরাধ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।”