নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৩৪৭ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত চলা এই অভিযানে লক্ষ্মীপুরে ১৮৪ জন এবং নোয়াখালীতে ১৬৩ জনকে আটক করা হয়।

নোয়াখালীতে আটক ১৬৩ জনের মধ্যে ১৫২ জনকে মুচলেকা আদায়ের পর অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১১ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে হাতিয়া থানা থেকে ৬৯ জন, বেগমগঞ্জ থানায় ৩৭ জন, সুধারাম মডেল থানায় ২৮ জন, সেনবাগ থানায় ৯ জন, সুবর্ণচরের চরজব্বার থানায় ৭ জন, কোম্পানীগঞ্জ থানায় ৩ জন এবং সোনাইমুড়ী ও কবিরহাট থানায় ৫ জন করে মোট ১০ জনকে আটক করে পুলিশ।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে এবং সুস্থ ও নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। কিশোর অপরাধ দমনে নিয়মিত অভিযানের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে জেলা পুলিশ।

অপরদিকে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে ১৮৪ জনকে আটক করা হয়েছে। পরে মুচলেকা আদায় করে ১৫৯ জনকে অভিভাবকদের জিম্মায় দিয়েছে পুলিশ। বাকিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, কিশোর অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত রোববার সন্ধ্যার পর লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে ২৬৬ জনকে আটক করা হয়। এদের মধ্যে ২১৫ জনকে মুচলেকা আদায়ের পর অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।