নোয়াখালীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে বিশেষ অভিযান চালিয়ে ১৭০ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল থেকে আজ রোববার সকাল পর্যন্ত জেলাজুড়ে এই অভিযান পরিচালিত হয়। আটককৃতদের মধ্যে ১৫২ জনকে মুচলেকার বিনিময়ে তাঁদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জেলার বিভিন্ন থানা এলাকা থেকে এই বিপুল সংখ্যক কিশোর ও যুবককে আটক করা হয়। এর মধ্যে সুধারাম মডেল থানা এলাকা থেকে ৪ জন, কোম্পানীগঞ্জে ১৭ জন, বেগমগঞ্জে ৩২ জন, সেনবাগে ৩ জন, চরজব্বারে ৩২ জন, সোনাইমুড়ীতে ১৮ জন, হাতিয়ায় ৪৯ জন, চাটখিলে ৬ জন এবং কবিরহাট থানা এলাকা থেকে ৯ জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে ১৮ জনের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, এই ১৮ জনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন মুক্তকণ্ঠকে বলেন, “জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও কিশোর অপরাধ দমনের উদ্দেশে পুলিশ সুপারের নির্দেশে এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।”

অন্যদিকে, জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন তাঁর বক্তব্যে জানান, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও উল্লেখ করেন যে, কেবল অভিযান নয়, একই সঙ্গে জনসচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করবে জেলা পুলিশ।