ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র। ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রয়োজনীয় তথ্য প্রদান না করলে আবেদনটি সরাসরি প্রত্যাখ্যান করা হতে পারে বলে সতর্ক করেছে মার্কিন দূতাবাস।

গত মঙ্গলবার (৬ অক্টোবর) মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এই গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে।

ওই বার্তায় স্পষ্টভাবে বলা হয়েছে, “আপনার ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য প্রদান না করলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অযোগ্য হতে পারেন।”

দূতাবাস আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থেই এই নিয়মটি অত্যন্ত কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।

এর আগে, মার্কিন ভিসার জন্য সাক্ষাৎকার প্রদানকারী প্রার্থীদের বিষয়েও কঠোর সতর্কবার্তা দিয়েছিল ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। সাক্ষাৎকারের সময় প্রার্থীকে কোনোভাবেই মিথ্যা তথ্য না দেওয়ার অনুরোধ জানানো হয়। একইসঙ্গে সতর্ক করা হয় যে, মিথ্যা তথ্য প্রদান করলে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে।

গত শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভিসা সংক্রান্ত এক সতর্কবার্তায় এই বিষয়গুলো উল্লেখ করে দূতাবাস।

আবেদনকারীদের উদ্দেশ্য করে ওই সতর্কবার্তায় দূতাবাস বলেছে, “আবেদনকারীদের অতীতের যেকোনো অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য কনস্যুলার কর্মকর্তাদের জানা থাকে।”

দূতাবাস জোর দিয়ে জানিয়েছে, সাক্ষাৎকার গ্রহণের সময় কোনো বিষয় গোপন না করে কিংবা বিভ্রান্তিকর তথ্য না দিয়ে শতভাগ সত্য কথা বলা উচিত। সাক্ষাৎকারে অসত্য তথ্য দিলে তার ভিসা আবেদন বাতিল হওয়ার পাশাপাশি “ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে চিরতরে নিষেধাজ্ঞা বা নিষেধাজ্ঞা জারি হতে পারে”।

অন্যদিকে, অ্যাপয়েন্টমেন্ট বুকিং নিয়ে একটি নতুন গাইডলাইন প্রকাশ করেছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। মঙ্গলবার আইভ্যাকের পক্ষ থেকে এই নতুন নির্দেশনা প্রদান করা হয়।

নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী ২ সপ্তাহের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো সাধারণত বৃহস্পতিবার অথবা সপ্তাহের শেষ কার্যদিবসে খোলা হয়। তবে এটি সংশ্লিষ্ট মিশন এবং ভিসা বিভাগের অ্যাপয়েন্টমেন্ট স্লটের প্রাপ্যতার ওপর নির্ভর করবে।

আইভ্যাকের দেওয়া তথ্য অনুযায়ী, স্লটের প্রাপ্যতা সাপেক্ষে রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্লট খোলা থাকে।

গাইডলাইনে আরও উল্লেখ করা হয়েছে যে, একই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করা সম্ভব হবে না। আবেদনকারীরা শুধুমাত্র পরবর্তী দুই সপ্তাহের অ্যাপয়েন্টমেন্ট তারিখগুলোর জন্য বুকিং করতে পারবেন।