যুক্তরাষ্ট্রে অবস্থান করার জন্য নির্ধারিত অনুমোদিত সময়সীমা অতিক্রম করলে বিদেশি নাগরিকদের জন্য অপেক্ষা করছে কঠোর পরিণতি। নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি অবস্থান করলে ভবিষ্যতে ওই দেশ ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার পাশাপাশি ফৌজদারি মামলার মুখোমুখি হতে হতে পারে সংশ্লিষ্ট ব্যক্তি।
শনিবার (১৭ অক্টোবর) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এক জরুরি বার্তার মাধ্যমে এই সতর্কবার্তা প্রদান করা হয়েছে। দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এই গুরুত্বপূর্ণ বার্তাটি পোস্ট করা হয়।
মার্কিন দূতাবাস তাদের বার্তায় স্পষ্টভাবে জানিয়েছে, “যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমার চেয়ে বেশি থাকলে আপনি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার পাশাপাশি ফৌজদারি মামলার মুখোমুখিও হতে পারেন।”
অভিবাসন সংক্রান্ত তথ্যের স্বচ্ছতা বিষয়ে দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে যে, তাদের কর্মকর্তারা সব বিষয়ে অবগত রয়েছেন। বার্তায় আরও বলা হয়, “কনস্যুলার কর্মকর্তারা আপনার অভিবাসন-সংক্রান্ত সব তথ্য দেখতে পারেন। অতীতে অভিবাসন আইন বা নিয়ম লঙ্ঘন করে থাকলে সেটিও তাদের নজরে আসবে।”
আইন লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করা হয়েছে। জরুরি বার্তায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, এ ক্ষেত্রে কোনো ‘অনিচ্ছাকৃত ভুল’ গ্রহণযোগ্য নয়।