যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, এই নির্দিষ্ট ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো ধরনের চাকরি বা পেশাগত কাজ করার সুযোগ নেই।
গত বুধবার (২৮ অক্টোবর) দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে এই সতর্কবার্তাটি প্রকাশ করা হয়।
প্রকাশিত বার্তায় উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করার আগে আবেদনকারীদের অবশ্যই ভিসাসংক্রান্ত যাবতীয় নিয়মকানুন সম্পর্কে অবগত হয়ে নিতে হবে। বি১/বি২ ভিজিটর ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে গিয়ে ব্যবসায়িক বৈঠকে অংশগ্রহণ করা এবং বিভিন্ন চুক্তি বিষয়ে আলোচনা করা সম্ভব। তবে যদি কেউ দেশটিতে কাজ করতে চান, তবে তাকে অবশ্যই উপযুক্ত অন্য ধরনের ভিসার জন্য আবেদন করতে হবে।
পাশাপাশি অন্য একটি বার্তায় দূতাবাস সতর্ক করেছে যে, ভিসা আবেদনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমের প্রয়োজনীয় তথ্য প্রদান না করলে আবেদনটি প্রত্যাখ্যান হতে পারে। এমন ক্ষেত্রে আবেদনকারী ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অযোগ্য হয়ে পড়তে পারেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থেই এই নিয়মগুলো কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।
এর আগে মার্কিন ভিসা পাওয়ার লক্ষ্যে সাক্ষাৎকারে আসা প্রার্থীদের জন্য কঠোর নির্দেশনা দিয়েছিল ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। সেখানে প্রার্থীকে কোনোভাবেই মিথ্যা তথ্য না দেওয়ার অনুরোধ জানানো হয়। দূতাবাস সতর্ক করে দেয় যে, মিথ্যা তথ্য প্রদান করলে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে।
গত ৩ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিসা সংক্রান্ত এক সতর্কবার্তায় এই বিষয়গুলো বিস্তারিত জানায় দূতাবাস।
আবেদনকারীদের উদ্দেশ্যে দূতাবাসের সেই সতর্কবার্তায় বলা হয়েছে, “আবেদনকারীদের অতীতের যেকোনো অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য কনস্যুলার কর্মকর্তাদের জানা থাকে।”
দূতাবাস আরও জোর দিয়ে জানিয়েছে, সাক্ষাৎকার গ্রহণের সময় কোনো বিষয় গোপন না করে কিংবা বিভ্রান্তিকর তথ্য না দিয়ে শতভাগ সত্য কথা বলা উচিত। সাক্ষাৎকারে অসত্য তথ্য দিলে তার ভিসা আবেদন বাতিল হওয়ার পাশাপাশি “ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে চিরতরে নিষেধাজ্ঞা বা নিষেধাজ্ঞা জারি হতে পারে”।