ঢাকার মার্কিন দূতাবাস বি১ ও বি২ ভিজিটর ভিসাধারীদের জন্য নিষিদ্ধ কার্যক্রমের একটি তালিকা প্রকাশ করেছে। শনিবার সকাল ১০টায় দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে যুক্তরাষ্ট্রে এই ভিসায় অনুমোদিত নয় এমন সব কাজের বিষয়ে স্পষ্ট করে জানানো হয়েছে।

পোস্টে উল্লিখিত তালিকা অনুযায়ী, ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে বার্থ ট্যুরিজম বা শিশুর জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে সন্তান জন্ম দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও, যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায় এমন কোনো কাজ করা, ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা এবং পারিশ্রমিকের বিনিময়ে কাজ করা ভিসা নিয়মের পরিপন্থী।

মার্কিন সরকারের তথ্য অনুযায়ী, বি১ ও বি২ ভিজিটর ভিসা মূলত দেশটিতে একটি নির্দিষ্ট ও সীমিত সময়ের যাত্রার জন্য প্রযোজ্য। সাধারণত ব্যবসায়িক লেনদেন বা সভা-সেমিনারে অংশগ্রহণের জন্য ‘বি১’ ভিসা প্রদান করা হয়। অন্যদিকে, পর্যটন, চিকিৎসা সেবা গ্রহণ বা আত্মীয়স্বজনদের সাথে দেখা করার মতো ব্যক্তিগত কারণে ভ্রমণের ক্ষেত্রে ‘বি২’ ভিসা প্রযোজ্য বলে জানিয়েছে দূতাবাস।