যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট কর্মসূচির আওতায় বাংলাদেশি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য মাস্টার্স ও পিএইচডি বৃত্তির সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে ফুলব্রাইট কর্মসূচির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত সমঝোতার আওতায় ২ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অ্যাকাডেমিক সহযোগিতা, শিক্ষক ও গবেষক বিনিময় এবং যৌথ গবেষণার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে সহযোগিতার ক্ষেত্র ও বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে ইউজিসি ও ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে কমিশন ও যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক ডিপ্লোম্যাসি বিভাগের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউজিসি।
সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ‘বাংলাদেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণে দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়ানো প্রয়োজন। বাংলাদেশের শিক্ষক ও গবেষকেরা যাতে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারেন এবং বিদেশি শিক্ষাবিদরা যাতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণায় অবদান রাখতে পারেন, সে জন্য দ্বিমুখী অ্যাকাডেমিক বিনিময় জোরদার করা জরুরি।’
তিনি বলেন, ‘শিক্ষক ও গবেষক বিনিময় এবং যৌথ গবেষণা উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্য সামনে রেখে দেশে ও বিদেশে শিক্ষক ও গবেষকদের জন্য ফেলোশিপের সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা করছে ইউজিসি।’
তিনি আরও বলেন, ‘ফুলব্রাইট কর্মসূচির সঙ্গে প্রাতিষ্ঠানিক সহযোগিতা গড়ে উঠলে বাংলাদেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের আন্তর্জাতিক অ্যাকাডেমিক বিনিময়ের সুযোগ বাড়বে।’
এদিকে, ইউজিসি ‘ইউজিসি-ফুলব্রাইট’ নামে একটি কর্মসূচি চালুর পরিকল্পনা করছে। এর আওতায় দেশের অগ্রাধিকার খাতগুলোতে গবেষণার জন্য পিএইচডি বৃত্তি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর স্কট হার্টম্যান ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামসহ কর্মসূচিটির বিভিন্ন দিক তুলে ধরেন।
সভায় ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা, ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূঁইয়া, যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট স্পেশালিস্ট রায়হানা সুলতানা ও পাবলিক এনগেজমেন্ট কো-অর্ডিনেটর ফারোহা সোহরাওয়ার্দীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।