যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য কমনওয়েলথ বৃত্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে বাংলাদেশি শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। ২০২৭ সালের সেপ্টেম্বর বা অক্টোবর শিক্ষাবর্ষে মাস্টার্স ও পিএইচডি কোর্সে ভর্তির জন্য এই সুযোগ। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত ফরম পূরণ করে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বৃত্তির আওতায় এক বছর মেয়াদি মাস্টার্স এবং সর্বোচ্চ তিন বছর মেয়াদি পিএইচডি করার সুযোগ রয়েছে। আবেদনকারীদের জন্য ছয়টি বিশেষ বিষয় নির্ধারিত করা হয়েছে। সেগুলো হলো— উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি, জনস্বাস্থ্যব্যবস্থা ও সক্ষমতা উন্নয়ন, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন, শান্তি, নিরাপত্তা ও সুশাসন জোরদার করা, সংকট মোকাবিলায় সক্ষমতা ও প্রতিরোধব্যবস্থা শক্তিশালী করা এবং প্রবেশাধিকার, অন্তর্ভুক্তি ও সুযোগ। আবেদনকারীকে তার পূর্ববর্তী ডিগ্রির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিষয় নির্বাচন করতে হবে।
আবেদনের যোগ্যতার ক্ষেত্রে মাস্টার্স প্রোগ্রামের জন্য প্রার্থীর অন্তত দ্বিতীয় শ্রেণির উচ্চতর মানের (২:১) স্নাতক ডিগ্রি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। তবে দ্বিতীয় শ্রেণির (২:২) স্নাতক ডিগ্রি থাকলেও সংশ্লিষ্ট বিষয়ে প্রাসঙ্গিক মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। পিএইচডির ক্ষেত্রেও একই যোগ্যতা বা স্নাতক ডিগ্রির সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকা আবশ্যক। উল্লেখ্য, মাস্টার্স আবেদনকারী বর্তমানে দেশে বা বিদেশে কোনো মাস্টার্স, এমফিল বা পিএইচডি কোর্সে নিবন্ধিত থাকতে পারবেন না। একইভাবে পিএইচডি আবেদনকারীর ক্ষেত্রেও আগে থেকে পিএইচডি বা এমফিল কোর্সে নিবন্ধিত থাকা যাবে না।
আবেদনের সাথে যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ের শর্তহীন অফার লেটার বা ভর্তির প্রস্তাবপত্র জমা দিতে হবে। তবে ভাষাগত দক্ষতা বা অর্থসংক্রান্ত শর্তযুক্ত অফার লেটার থাকলেও আবেদন করা যাবে; সেক্ষেত্রে সাক্ষাৎকারের জন্য নির্বাচিত হলে প্রয়োজনীয় সনদ জমা দিতে হবে। ইউজিসি এই অফার লেটারগুলোর সত্যতা যাচাই করবে।
আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র বা ফলাফল, ভাষাগত দক্ষতার সনদ (প্রয়োজনে), অফার লেটার এবং এক কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। ভুল তথ্য বা অসম্পূর্ণ আবেদনের ক্ষেত্রে তা বাতিল করা হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অথবা পূর্বানুমতি নিয়ে আবেদন করতে হবে।
আবেদনপত্রটি হাতে না লিখে কম্পিউটারে টাইপ করে পূরণ করতে হবে এবং হার্ড কপি জমা দিতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক (আন্তর্জাতিক সহযোগিতা), আন্তর্জাতিক সহযোগিতা বিভাগ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭। খামের ওপর বৃত্তির নাম এবং মাস্টার্স নাকি পিএইচডি তা স্পষ্টভাবে উল্লেখ করে ইউজিসির অভ্যর্থনাকক্ষের সামনে থাকা আবেদন বাক্সে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬। পরবর্তীতে বাছাই তালিকা, সাক্ষাৎকারের তারিখ এবং ফলাফল ইউজিসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আবেদনকারীদের নিয়মিত ইউজিসির নোটিশ বোর্ড ও আন্তর্জাতিক সহযোগিতা, বৃত্তি ও ফেলোশিপ বিভাগ দেখার পরামর্শ দেওয়া হয়েছে।