ভিসা সাক্ষাৎকারের সময় মিথ্যা তথ্য প্রদান না করার বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ শনিবার সকাল ১০টায় দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এই সতর্কবার্তা জানানো হয়।

দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে সংশ্লিষ্ট আবেদনকারীর যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে। যুক্তরাষ্ট্রের ভিসাপ্রার্থীদের উদ্দেশ্যে ওই পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘কনস্যুলার কর্মকর্তারা আপনার অতীতের যেকোনো ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তথ্য সম্পর্কে অবগত।’

এই পরিস্থিতির কথা উল্লেখ করে আবেদনকারীদের সত্য কথা বলার আহ্বান জানিয়ে বলা হয়েছে, ‘তাই সাক্ষাৎকারে সত্য বলুন—মিথ্যা বললে আপনার যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে।’