ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন ভিসাপ্রত্যাশীদেরকে দালালদের প্রলোভন থেকে সাবধান থাকার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জানানো হয়।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, কিছু দালাল বিভিন্ন প্রলোভন দেখিয়ে ‘নিশ্চিত ভিসা’, ‘দ্রুত প্রক্রিয়াকরণ’ এবং ‘নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট’-এর মতো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে। এসব প্রতিশ্রুতিতে বিশ্বাস করলে আবেদনকারীরা অর্থ, ভিসা আবেদন এবং গুরুত্বপূর্ণ সময় ক্ষতির মুখে পড়তে পারে।

দূতাবাস আরও স্পষ্ট করে বলেছে, কোনো অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির কাছে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য হস্তান্তর করা যাবে না।

‘সতর্ক থাকুন, নিরাপদে থাকুন’ শিরোনামে প্রকাশিত এই বার্তায় হাইকমিশন ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদনকারীদের সরাসরি নির্ধারিত সরকারি ভিসা প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করার পরামর্শ দিয়েছে।